এস,এম,মনির হোসেন জীবন : অনলাইন বাংলাদেশের কান্ট্রি প্রধান অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ, বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা উদ্বার করেছে এলিট ফোর্স র্যাব। দ্বিতীয় দিনের মত আজও সেলিম প্রধানের গুলশানের বাসায় র্যাবের ঝটিকা অভিযান চলছে।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১০টা থেকে অভিযান শুরু হয়ে আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব । এই বাসাতেই সেলিম প্রধান পি-২৪ গ্যাম্বলিং নামে অনলাইন ক্যাসিনো পরিচালনা করতো বলে জানিয়েছে র্যাব।
এর আগে সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর অ্যাভিনিউয়ের ৯৯ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসা ও ২ নম্বর রোডের ২২ নম্বর বাড়িতে তার অফিসে অভিযান চালায় র্যাব-১।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের (টিজি-৩২২) নম্বরের ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব-১। পরে তাকে র্যাব-১ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ দুপর দেড়টায় জানান, মঙ্গলবার রাতে অভিযান শুরু হয়ে আজ এখনও চলছে। অভিযান শেষ হলে আমরা প্রেসব্রিফিং করে বিস্তারিত জানাবো।
তিনি জানান, সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
র্যাবের এক কর্মকর্তা জানান, অনলাইন ক্যাসিনোর বাংলাদেশের কান্ট্রি প্রধান সেলিম। তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। অনলাইনে ক্যাসিনো পরিচালনার বিষয়টি দেশে সে দেখাশোনা করতো। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আটক করা হয়েছে।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মো: মিজানুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেলিম প্রধান ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। অভিযান শেষে আমরা কি কি পেয়েছি সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র্যাব। এরপর পর্যায়ক্রমে রাজধানীর ধানমন্ডি, কলাবাগানসহ উত্তরা, গুলশান, তেজগাঁওয়ের বেশকিছু ক্লাবে একই ধরনের অভিযান চালায় পুলিশ ও র্যাব। এসব অভিযানে ক্যাসিনো সামগ্রীসহ প্রচুর পরিমাণে মদ ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়।