মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : আসন্ন ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে ঘিরে রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট ও মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে ফুটপাতজুড়ে বসেছে সারিসারি নতুন টাকা বিক্রির দোকান। পসরা সাজিয়ে বসেছে মৌসুমি ব্যবসায়ীরা। গেল এক সপ্তাহ ধরে নতুন টাকার নোটে বাজার সয়লাব হয়ে গেছে। ব্যবসায়ীরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চকচকের নোট কিংবা নতুন টাকা অধিক লাভে দেদাচ্ছে বিক্রি করতে দেখা গেছে। স্বাধীনতার আগে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে এবং পরবর্তীতে এসব ব্যবসায়ীরা গুলিস্তান, সদরঘাট ও ব্যস্ততম নগরী মতিঝিল বসেন নতুন টাকার পসরা সাজিয়ে। নতুন টাকার পুরনো (আগের) বান্ডিল ৩০০-৩৫০ টাকা এবং নতুন (গ্রাফিতি যুক্ত) এক বান্ডিল ৪০০-৪৫০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। টাকা বিক্রির দোকানগুলোতে প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। সারিসারি লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষকে টাকা সংগ্রহ করছে দেখা গেছে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। রাজধানীর পৃথক দু’টি স্থানে প্রায় অর্ধশতাধিক বিক্রেতা টেবিল নিয়ে বসে দেখাচ্ছে টাকা বিক্রি করছে। টাকা কারবারি বলছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আছে তাদের এজেন্ট। একাজের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতারা থাকে ধরাছোঁয়ার বাইরে। তাদের মাধ্যমে নাকি নতুন নোট সংগ্রহ করা হয়। এক কথায় ঈদের আগেই টাকার নতুন নোট বেচা বিক্রি ও বেশ জমে উঠেছে । খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।
তথ্য অনুসন্ধান ও বিভিন্ন তথ্য সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের
টাকার হাঁটে পাওয়া যায় ২ টাকা থেকে ১০০০ টাকার নতুন নোট। যে কেউ চাইলেই এখানে এসে ছেঁড়া বা পুরাতন নোট বদলিয়ে নতুন নোট কিনে নিয়ে যেতে পারেন। অনেকে আবার বড় টাকার নোটের বিনিময়ে ভাংতি টাকার নতুন বান্ডিলও কিনে নেন। এছাড়াও এখানে পাওয়া যায় অনেক দেশের নতুন ও পুরাতন টাকা-মুদ্রা। শখের সংগ্রাহকরা নিয়মিত এখান থেকে মুদ্রা ও টাকা সংগ্রহ করেন। আবার এখানে প্রাইজ বন্ডও কিনতে পাওয়া যায়।
গুলিস্তানের পাতাল মার্কেটের মুখে সারি ধরে বসেন এই টাকার কারবারিরা। এখানে একেকজন বিক্রেতা ৩০-৪০ বছর ধরে টাকা কেনাবেচার কাজ করছেন। আবার অনেকেই নতুন করে শুরু করছেন এই কাজ।
প্রায় প্রতিটি ব্যাংকেই থাকে ছেঁড়া-ফাটা বা অচল টাকার নোট বদলিয়ে নতুন নোট নেওয়ার ব্যবস্থা। এতে কোনো বাড়তি টাকা খরচ হয় না। তবুও কেন মানুষ ব্যাংকে না গিয়ে গুলিস্তানের টাকার বাজারে আসেন? এ প্রশ্ন করলে টাকার কারবারি ছদ্মনাম (শহীদ মিয়া) এ প্রতিবেদককে বলেন, মানুষ সময় বাঁচাতে এখানে ছুটে আসেন। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে না থেকে লোকজন এখানে এসে মুহূর্তেই ছেঁড়া টাকা বদলিয়ে নতুন টাকা নিয়ে যেতে পারেন। ব্যাংকে অনেক সময় বেশি ছেঁড়া টাকা নিতেও চায় না। কিন্তু আমরা মোটামুটি সবই নেই। ৩০ থেকে ৩৫ জন বিক্রেতা টেবিল নিয়ে বসেন গুলিস্তানের পাতাল মার্কেটের বাইরে। সবার সামনে থরে থরে সাজানো নতুন টাকার নোট। কেউ আবার নতুন টাকা ভাঁজ করে ফুলের তোড়ার মতো সাজিয়ে রেখেছেন ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০— সব মানের টাকারই নতুন বান্ডিল। কোথা থেকে আসে এত এত নতুন টাকা প্রতিদিন? জিজ্ঞেস করে জানা গেল, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আছে তাদের এজেন্ট। যারা প্রতিদিন সকালে নতুন টাকার বান্ডিল সরবরাহ করেন গুলিস্তানের টাকা বিক্রেতাদের কাছে। আবার সেই এজেন্টরাই পুরাতন আর ছেঁড়া-ফাটা নোটগুলো কিনে নেন। এখানে ছেঁড়া বা অচল টাকা নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে কিনে নেন বিক্রেতারা। বিনিময়ে দেন নতুন নোট।
নতুন টাকা ব্যবসায়ীরা এ প্রতিবেদককে বলেন, কেউ ৫০০ টাকার একটি ছেঁড়া নোট নিয়ে এসেছেন বদলানোর জন্য। এখন সে নোটটি কী পরিমাণে ছেঁড়া আছে তা বিচার করেন টাকার বাজারের লোকেরা। এরপরে ৫০০ টাকার বিনিময়ে ৪৫০ থেকে ৪৮০ টাকা ফেরত দেন ক্রেতাকে। এই লাভ দিয়েই চলে টাকার বাজার। আর নতুন নোটের বান্ডেল বিক্রি করেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। ২০ টাকার ১০০টি নতুন নোটের বান্ডেলে ২০০০ টাকা থাকে। এই বান্ডেল নিতে ক্রেতাকে দিতে হবে ২১০০ টাকা। ৫০ টাকা, ১০০ টাকা ও ৫০০ টাকার নতুন নোটের বান্ডেলও এখানে পাওয়া যায় নির্ধারিত মূল্যের চেয়ে ৮০ থেকে ১৫০ টাকা বেশি খরচ করলে। এই টাকার বাজারে প্রতিদিন গড়ে এক থেকে দুই লাখ টাকা অদল-বদল হয়। তবে বিভিন্ন মৌসুমে তা বেড়ে ৫ থেকে ৬ লাখ টাকাও হয়ে থাকে। দুই ঈদে, আর নববর্ষের হাল খাতার সময় ব্যবসা হয় সবচেয়ে রমরমা। তখন নতুন নোটের বান্ডেলের দামও বেড়ে যায়। ৫ টাকার ১০০০ টাকার বান্ডেলের দাম ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত লাভে বিক্রি হয় পবিত্র ঈদুল ফিতর তথা রোজার ঈদে। সবাই চায় আসন্ন ঈদ কিংবা উৎসবে বাসায় বাচ্চাকাচ্চাকে নতুন টাকা দিয়ে সালামি দিতে। তাই চাহিদা বেশি থাকায় দামও বেশি পড়ে।
রাজধানীতে টাকার বাজারগুলো সরেজমিনে ঘুরে দেখা যায়, টাকার বাজারে সবার কাছেই নতুন টাকার বান্ডিল থরে থরে সাজানো। আর অচল নোটগুলো সুতায় ঝুলিয়ে সামনে দিয়ে লাগিয়ে রাখা। ক্রেতাদের কে আকৃষ্ট করার জন্য নতুন টাকার ফুলের তোড়া রাখা। তবে আরেকটি জিনিসও প্রায় প্রতিটি টেবিলেই রাখা, যা যেকোনো মানুষের নজর কাড়তে বাধ্য। তা হলো নানান দেশের টাকা ও মুদ্রা। বিশ্বের প্রায় সব দেশের মুদ্রা ও টাকা গুলিস্তান ও মতিঝিলে পাওয়া যায়। অনেক শখের সংগ্রাহকরা এখান থেকে নিয়মিত এগুলো সংগ্রহ করেন। এই মুদ্রা আর নোটগুলো তারা পান বিভিন্ন সংগ্রাহকের কাছ থেকে। অনেকেই তাদের সংগ্রহে অতিরিক্ত জিনিস থাকলে এসে বিক্রি করে দিয়ে যান। বিদেশি নোট বা মুদ্রা নানান দামে বিক্রি হয়। এর কোনো নির্দিষ্ট দাম নেই। যে যার মর্জিমতো দামাদামি করে কেনাবেচা করেন।
তার মধ্যে রয়েছে -ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরব, কুয়েত, ওমান, মিশর, লিবিয়া, কাতার, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, উরুগুয়ে ইত্যাদি। কানাডা, সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়ার তিনটি মুদ্রা আলাদা করে দাম জিজ্ঞেস করায় চাইলেন ৬০-৮০ টাকা। রাজধানী বাংলাদেশের প্রায় সকল স্মারক নোট ও কয়েন কিনতে পাওয়া যায় এখানে। সবমিলিয়ে গুলিস্তানের এই টাকার বাজার শখের সংগ্রাহকদের জন্য স্বর্গ হয়ে উঠেছে।
মতিঝিল ও গুলিস্তান এলাকার একাধিক টাকা ব্যবসায়ী এ প্রতিবেদককে বলেন, এখানকার স্থানীয় টাকা কারবারিরা সবাই আমাদের বিশ্বস্ত। আমরা দীর্ঘদিন ধরে এখানে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করছি। ব্যবসায়ীদের মতে- সবারই নতুন টাকার চাহিদা আছে। অনেক ব্যবসায়ী পুরান টাকা নিয়ে বিপাকে পড়ে এখানে টাকা বদলাতে আসেন। দেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাতিষ্ঠানিকভাবে কখনোই স্বীকৃতি পাননি তারা। তবে মনে আছে ভয় আর শঙ্কা। আসন্ন ঈদুল ফিতরের আগে গুলিস্তান ও মতিঝিল এলাকায় গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক দোকানে ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিতে বর্তমান সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নজরধারীর আহ্বান জানান তারা। গ্রাহকদের অভিযোগ, ব্যবসায়ীরা নতুন টাকার পুরনো (আগের) বান্ডিল ৩০০-৩৫০ টাকা এবং নতুন (গ্রাফিতি যুক্ত) এক বান্ডিল ৪০০-৪৫০ টাকা অতিরিক্ত বাড়তি টাকা কৌশলে আদায় করে নিতো।
মতিঝিল বিভাগের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে গুলিস্তান ও মতিঝিল এলাকায় অভিযান চালানো হয়েছে। কেউ অভিযোগ করলে আমি আইনগত ব্যবস্থা নিবো। চলতি সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কিছু নতুন টাকা বিক্রির দোকানগুলো গুড়িয়ে দিয়েছে। আশা করি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক অভ্যন্তরীণ আদেশও জারি করেছে। গত রোববার (১১ মার্চ, ২০২৬) থেকে কর্মকর্তা–কর্মচারীরা নতুন নোট পেতে শুরু করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের সমালোচনা করছেন অনেক কর্মকর্তারা। প্রতিবছর ঈদের সময় টাকার নতুন নোটের বেশ চাহিদা থাকে। ঈদ সালামি হিসেবে নতুন নোট বেশ জনপ্রিয়। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য বলছে, বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশ অনুসারে, নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে ১ লাখ ৮৩ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী ও কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত চাহিদা অনুসারে নতুন নোট নিতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়া থেকে বাংলাদেশ ব্যাংক সরে এসেছে। তাই এবার ঈদের আগে নতুন টাকা ছাড়া হবে না।
সম্প্রতি রাজধানীর গুলিস্তান এলাকায় টাকার হাঁটে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মহিদুর রহমান (ম্যাজিস্ট্রেট) যুগ্ম জেলা ও দায়রা জজ, ডিএমপি, ঢাকা। এসময় তিনি ব্যবসায়ীদেরকে বলেন, আমাদেরকে সঠিক তথ্য দিতে হবে। কারা এই নতুন টাকা সরবরাহ করছে, তারা কারা, কি তাদের আসল পরিচয়। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা কে? আমরা তাদের ধরবো। অভিযানকালে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেশ কিছু দোকান গুড়িয়ে দেয়া হয়।
