ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশজুড়ে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় সারাদেশে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
পার্বত্য জেলা রাঙামাটিতে সব ধরণের যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে। জনসমাগম রোধে মাঠে জেলা প্রশাসনের সঙ্গে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে দোকানপাট বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। এমন সংকটকালে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী ও সেনাবাহিনী।শনিবার (২৮ মার্চ) সকালে জেলার কাপ্তাইয়ের কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এম এনামুল ইসলাম। এসময় নৌ ঘাঁটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় ২৫০টি শ্রমজীবী পরিবারের মধ্যে চাল, ডাল, তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এম এনামুল ইসলাম বলেন, দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে শ্রমজীবী মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমরা সামান্য ত্রাণ বিতরণ করেছি। তবে প্রয়োজনে আমরা আরও বড় পরিসরে ত্রাণ বিতরণ করব। আমরা জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেই এসব বিতরণ করছি। যাতে একজন লোক একাধিকবার ত্রাণ না পায়। আমরা চাই প্রতিটি শ্রমজীবী মানুষই যেন সরকারের এই সহায়তা পান।এদিকে একইদিন জেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে কলেজ গেইট এলাকায় খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় রিজিয়নের জিটুআই মো. মহিউদ্দির ফারুক জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সিভিল প্রশাসনকে সহায়তা করছি। ফলে মানুষ ঘর হতে বের হতে পারে না। তারা সরকারের অনুরোধ পালন করছে। আমরা তাদের কিছু শুকনো খাবার বিতরণ করেছি, যাতে তারা ঘর থেকে বের না হয়।এছাড়া রাঙামাটি সদর ও কাপ্তাই উপজেলার সড়কে জীবাণুনাশক স্প্রেও করেছে বাংলাদেশ নৌ-বাহিনী ও সেনাবাহিনী।