এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর পৃথক দু’টি থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৬জন সক্রিয় সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র্যাব-২ এর সদস্যরা। পরে তাদের প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ আগস্ট) রাতভর রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার, ফার্মগেট এলাকা, শেরেবাংলা নগর থানার কলেজ গেট, শিশুমেলা, শ্যামলী এবং মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-২।
র্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক আজ বৃহস্পতিবার বাসসকে জানান, আটকৃতরা সকলে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা সবাই মাদকাসক্ত। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ জনগনের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, নারীদের ভ্যানিটি ব্যাগ চাকু বা বেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল কমান্ডো স্টাইলে ঠিনতাই করে দ্রুত পালিয়ে যায় তারা।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ৪৬ জনের প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেন।
র্যাব-২-এর পুলিশ সুপার শাহাব উদ্দীনের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার আবু ছালেহ ও শহিদুল ইসলামের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ রায় দেন।