ডেইলি গাজীপুর প্রতিবেদক: অবিলম্বে দৈনিক যুগান্তর থেকে চাকরিচ্যুত ও চাকরি ছেড়ে যাওয়াদের বকেয়া ও নায্য প্রাপ্য সুবিধাদি প্রদানের জোর আহবান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ বুধবার (২০ মার্চ ২০১৯) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, প্রকাশের পর থেকে এ পর্যন্ত দৈনিক যুগান্তর থেকে বিনা কারণে অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। অনেককে চাকরি ছেড়ে দিতে হয়েছে অনাকাংখিত পরিস্থিতির শিকার হয়ে। কিন্তু এদের কাউকেই তাদের বকেয়া ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি বুঝিয়ে দেয়া হয়নি।
সম্প্রতি প্রয়াত সফিউল আলম রাজাসহ অনেকে পাওনা টাকার দাবি জানাতে জানাতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। চিরবিদায় নেয়া কয়েকজনের পরিবার মানবেতর জীবনযাপন করলেও যুগান্তর কর্তৃপক্ষ তাদের পাওনা বুঝিয়ে দেয়নি। সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার রেটকার্ড প্রদান করলেও সাংবাদিকরা বরাবরই বঞ্চিত হচ্ছেন। যা অত্যন্ত গর্হিত এবং অনাকাংখিত।
বিবৃতিতে ডিইউজে নেতারা যুগান্তর থেকে চাকরিচ্যুত ও চাকরি ছেড়ে যাওয়াদের পাওনা অবিলম্বে বুঝিয়ে দেয়ার আহবান জানান। তারা বলেন, এ বিষয়ে আশু পদক্ষেপ নেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।