Daily Gazipur Online

টঙ্গীতে ইয়াবাসহ ‘ভুয়া সাংবাদিক’ দম্পতি গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা নিজেদের একটি কথিত অনলাইন পোর্টালের সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন। তাদের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও দুইজন।
বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১ এর (সিপিসি-২) স্কোয়াড কমান্ডার এএসপি মো. সালাউদ্দিন ঢাকাটাইমসকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- এশিয়ান নিউজ নামের একটি কথিত নিউজ পোর্টালের প্রতিবেদক বশির আহমেদ, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিবা এবং তাদের সহযোগি রুবেল আহমেদ ও আনিসুর রহমান।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির আট লাখ ৩৪ হাজার পাঁচশ টাকা, ছয়টি মোবাইল, একটি পাসপোর্ট ও ব্ল্যাংক চেকও জব্দ করা হয়।
র‌্যাব কর্মকর্তা সালাউদ্দিন জানান, ইয়াবার চালান নিয়ে অবাধে চলাচলের সুবিধার্থে বশির আহমেদ ভুয়া আইডি কার্ড বানিয়ে নিজেকে এশিয়ান নিউজ নামের একটি নিউজ পোর্টালের প্রতিবেদক পরিচয় দিতেন।
সালাউদ্দিন বলেন, ‘আসলে তারা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গাজীপুর থেকে ইয়াবার চালান সংগ্রহ করে খুলনা পৌঁছে দেয়াই কাজ ছিল তার। আর এসব চালান পৌঁছে দিতে তিনি সবসময় স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিবাকে সঙ্গে রাখতেন। কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বামী-স্ত্রী ঘুরতে এসেছেন বলে জানাতেন।’
র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, এই ভুয়া সাংবাদিক দম্পতি এভাবেই দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযান চালিয়ে এই দম্পতিসহ চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেপ্তার রুবেল আহমেদ মেসার্স মিম এন্টারপ্রাইজ নামক একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার পদে চাকরি করেন। ওই কোম্পানিরই মালিক রহমান খান রাহুলের প্রস্তাবনায় তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে।