Daily Gazipur Online

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি একজনের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় ছিনতাইয়ের অভিযোগে তাদের আটক করে গণপিটুনি দেয় জনতা। মৃত ওই কিশোরের নাম ছাব্বির হোসেন (১৮)। সে টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা অপর যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই কিছুক্ষণ পর ওই এলাকা থেকে স্থানীয়রা ছাব্বির ও তার সঙ্গে থাকা অজ্ঞাত যুবককে ছিনতাইকরীর অভিযোগে আটক করে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত দেড়টার দিকে ওই এলাকার লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।