নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীতে চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডে শ্রমিকরা আজ সোমবার দুপুরে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছেন।
অপরদিকে ১৩দফা দাবিতে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে জয়দেবপুর-টঙ্গী সড়ক অবরোধ করেছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে চলা জয়দেবপুর- টঙ্গী সড়ক অবরোধ বিকালে এ রির্পোট লেখা পর্ষন্ত চলমান রয়েছে।
জানা যায়, জয়দেবপুর- টঙ্গী সড়কের টঙ্গীর মেঘনা রোডে এলাকায় এ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করে।
সরেজমিন দেখা যায়, টঙ্গী মেঘনা রোডের এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো এপারেলস লিমিটেডের প্রায় তিন হাজার শ্রমিক, স্টাফ ও কমচারীরা বেতন ভাতা বৃদ্ধিসহ ১৩ দাবিতে বিক্ষোভ শুরু করে।
তাদের দাবিগুলো হলো প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে সব শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদান করা, সব শ্রমিক ও স্টাফদের হাজিরা বোনাস ১ হাজার টাকা দিতে হবে, সব শ্রমিক এবং স্টাফদের বেতন ১৫% বৃদ্ধি করতে হবে, সব শ্রমিক স্টাফদের বাৎসরিক ১৮ দিনের ছুটির টাকা দিতে হবে, সব শ্রমিক ও স্টাফদের সার্ভিস বিল প্রদান করতে হবে, সব শ্রমিক স্টাফদের টিফিন বিল ৫০ টাকা ও নাইট বিল ২০০ টাকা দিতে হবে, ৬ মাসে ঈদ বোনাস দিতে হবে, গর্ভবতী মেয়েদের জন্য ৪ মাসের ছুটি ও ছুটির টাকা আগে প্রদান করে০ কাজে পুনরায় যোগদান করতে দিতে হবে, আন্দোলনকারী কোনো শ্রমিক কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার করা যাবে না, কোনো শ্রমিকের সাথে খারাপ আচরণ করা যাবে না, উৎসবজনিত ছুটি ১২ দিনের করতে হবে, কোনো শ্রমিক বা স্টাফদের বের করে দেওয়া হলে ৩ মাস ১৩ দিনের বেতন এবং সার্ভিস বিল প্রদান করতে হবে ও ছুটির দিন যদি কোনো স্টাফ ডিউটি করে তাকে ৫০০ টাকা দিতে হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের আলোচনা চলছে।
টঙ্গীতে চার দিন শান্ত থাকার পর বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত টঙ্গী এলাকার বিভিন্ন স্থানে চারটি প্রতিষ্ঠানের শ্রমিকরা এসব বিক্ষোভ করেছে। আজ সোমবারও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে।
এলাকার লোকজন জানায়, টঙ্গীর স্কুইব রোড সংলগ্ন এলাকায় ন্যাশনাল পলিমার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো এপারেলস লিমিটেডের শ্রমিকরা ১৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। টঙ্গীর সাতাইশ এলাকায় বিক্ষোভ করছে প্রিন্স জ্যাকার্ড লিমিটেডের শ্রমিকেরা।
জানা যায়, রোববার সকাল ৮টা থেকে টঙ্গীর স্কুইব রোড সংলগ্ন কারখানার সামনে ১৪ দফা দাবিতে ন্যাশনাল পলিমার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বিক্ষোভ করে। শ্রমিকদের দাবিগুলো হলো, শ্রমিক সংগঠন তৈরি করা ও শ্রমিকের চাকরিচ্যুত বা পৃথকীকরনের ক্ষেত্রে শ্রম আইনের ধারা অনুসরণ করা,নির্বাহী পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালন না করাসহ ১৪দফা দাবী।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখে এবং সমস্যা সমাধানের আশ্বাস দেয়। শ্রমিক-মালিক পক্ষের মধ্যে আলেচনার পর ন্যাশনাল পলিমারের সমস্যা সমধান হয়েছে।
এদিকে গতকাল বিকেলে টঙ্গী বিসিকের মেঘনা রোডের এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো এপারেলস লিমিটেডের শ্রমিকরা ১৩ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের দাবিগুলো হলো- প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে সব শ্রমিক-কর্মচারিদের বেতন দেওয়া, সব শ্রমিক ও স্টাফদের বেতন ১৫ শতাংশ বৃদ্ধিসহ ১০০০ টাকা হাজিরা বোনাস সহ ১৩ দফা। গতকাল বিকাল সোয়া ৪টা পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলনটি চলতে দেখা যায়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, এমট্রানেট গ্রুপের সব শ্রমিক, স্টাফ ও কমচারিদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সেনাবাহিনী, ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও শ্রমিকরা ফ্যাক্টরির সম্মেলন কক্ষে আলোচনা চলছে। আশা করি সমস্যা সমাধান হবে।
এদিকে প্রিন্স জ্যাকার্ড লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করে বিকেল ৪টার দিকে চলে যায়। তবে সোমবার আবার আন্দোলন হবে বলে জানা গেছে।
