Daily Gazipur Online

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে টঙ্গীতে শিক্ষার্থীদের মতবিনিময়

অলিদুর রহমান অলি: টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে টঙ্গী কলেজ মাঠে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেনসহ টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সভাপতি এইচ এম আবু জাফর বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন কলেজে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি।