Daily Gazipur Online

তুরাগের উন্নয়নে ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করতে চান আবু তাহের খান আবুল

মোঃ শাহজালাল,তুরাগ-ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের খান আবুল। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই নেতা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছেন। রাজনৈতিক জীবনে আবু তাহের খান আবুল বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের মাধ্যমে তার পথচলা শুরু করেন। পরবর্তীতে তিনি বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রদলের রাজনীতি শেষে তিনি বৃহত্তর উত্তরা থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সহ-সভাপতি হিসেবে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। দলীয় সাংগঠনিক কার্যক্রমে তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দলের দুঃসময়ে তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও আবু তাহের খান আবুলের অবদান রয়েছে। তিনি তুরাগের ঐতিহ্যবাহী এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তুরাগের ৫২ নং ওয়ার্ড উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। অতীতে যারা এই এলাকার কাউন্সিলর ছিলেন তারা উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি। তাই এলাকাবাসী একজন যোগ্য, অভিজ্ঞ ও জনবান্ধব নেতাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান। এ বিষয়ে আবু তাহের খান আবুল বলেন, তুরাগের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই ওয়ার্ডকে একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই আমি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে তাদের পাশে থেকে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করতে পারব বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে একটি উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ ৫২ নং ওয়ার্ড গড়ে তুলতে চান তিনি। এজন্য তিনি এলাকাবাসীর সার্বিক দোয়া ও সমর্থন কামনা করেন।