ডেইলি গাজীপুর প্রতিবেদক : “মানুষ মানুষের জন্য” – এই চিরন্তন মানবিকতার শ্লোগানকে ধারণ করেই দিনাজপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যক্রম এগিয়ে চলছে দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে। সেই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সকাল ১১টায় শহরের ষষ্ঠিতলা মোড়ে সংগঠনটির দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫–২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দিনাজপুরের সাবেক পৌর চেয়ারম্যান মোকাদ্দেস হোসেন লাবু, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মহসিনুল কালাম রুবেল।
এ ছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন;সহ-সভাপতি: ডা. মো. শহিদুল্লাহ্, মো. লুৎফর কবীর বকুল ও মো. ইকবাল চৌধুরী। সহকারী সাধারণ সম্পাদক – আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক – তারেক ইবনে নাসিম সুজন, সাংগঠনিক সম্পাদক – শেখ রিয়াজ উদ্দীন আহাম্মেদ রাজু, দপ্তর সম্পাদক: মো. রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য – মো. সিদ্দিকুর রহমান ফন্তে, মো. মোতাহার হোসেন, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, মো. মিজানুর রহমান পাটোয়ারী এবং ক্যাপ্টেন (অব.) হাফিজুর রহমান।
আঞ্জুমান মফিদুল ইসলামের নাম উচ্চারিত হলেই সবার আগে মনে আসে এক নীরব কিন্তু মহৎ কাজ, আর সেটি হলো “বেওয়ারিশ লাশ দাফন-কাফন”। ইসলামিক শরিয়তের বিধান মেনে গোসল, কাফন ও দাফনের পূর্ণ দায়িত্ব পালন করে ১৯৭৪ সাল থেকে সংগঠনটি দিনাজপুরের শেখ জাহাঙ্গীর কবরস্থানে হয়ে উঠেছে বেওয়ারিশ লাশের শেষ আশ্রয়স্থল। নারী ও পুরুষ লাশের জন্য আলাদা খাদেম নিয়োগ এ কাজের মর্যাদাকে আরও সমুন্নত করেছে।
তবে সংগঠনটি শুধু বেওয়ারিশ লাশ দাফনেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি চালিয়ে আসছে বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম, যেমন; অসহায় নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ ও বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ,দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা,সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরবি শিক্ষা,শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণসহ আরো কিছু সেবামূলক কর্মকান্ড।
নতুন কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণের পর উপস্থিতদের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, আগামীর দিনে মানবসেবার এই পরিসর আরও বিস্তৃত হবে। শহরের দরিদ্র ও অসহায় মানুষের কাছে আঞ্জুমান মফিদুল ইসলাম থাকবে শেষ ভরসার ঠিকানা হয়ে।
উল্লেখ্য, বাংলাদেশে আঞ্জুমান মফিদুল ইসলামের প্রথম জেলা শাখাটি ১৯৭৪ সালে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। শুরু থেকেই অসহায় মানুষের সেবায় শাখাটি দেশব্যাপী অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এখন পর্যন্ত শ্রেষ্ঠত্বের আসনেই অধিষ্ঠিত রয়েছে।
আঞ্জুমান মফিদুল ইসলামের দিনাজপুর জেলা শাখার এই নির্বাচনটি কেবল একটি নিয়মিত আয়োজন নয়; বরং মানবিকতার সেবা ও কল্যাণের শপথকে নতুন করে দৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত এবং স্মরণীয় দিন।
দিনাজপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
