Daily Gazipur Online

দিনাজপুর জিলা স্কুল কল্যাণ ট্রাস্টের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি এড. মজিদ – সাঃ সম্পাদক জুয়েল

সভাপতি এড. মজিদ - সাঃ সম্পাদক জুয়েল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জিলা স্কুল ১৯৬৮ ব্যাচ কল্যাণ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা এবং কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন আজ ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভার শুরুতেই সংগঠনের সভাপতি এ. কে. শফিকুর রহমান মুকুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, তিনি গত ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ সময় প্রয়াত সভাপতিসহ এ পর্যন্ত দিনাজপুর জিলা স্কুলের ১৯৬৮ ব্যাচের সকল প্রয়াত শিক্ষার্থী, স্কুলের সাবেক শিক্ষক এবং ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বার্ষিক সাধারণ সভায় দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম সবার সাথে পরিচিত হয়ে শুভেচ্ছা বক্তব্যসহ সংগঠনটির সেবামূলক সকল বিষয়ে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ. মজিদ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত গৃহীত বিভিন্ন কার্যক্রম, সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এ বিষয়ে উপস্থিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়, তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো – স্থগিত হয়ে থাকা “দিনাজপুর প্রবীণ নিবাস ও প্রশিক্ষণ কেন্দ্র” এর কাজ অতি শিগগিরই শুরু করে দেওয়া হবে।
সভা শেষে সংগঠনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমানের সভাপতিত্বে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা লায়ন এডভোকেট এম এ মজিদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
নবগঠিত কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন; সহ-সভাপতি – বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল ইসলাম ও এড. সৈয়দ কেরামত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক – মো. বজলুল হক ও চায়না বাবলু, অর্থ সম্পাদক – মো. আশরাফুল আলম শফি; সাংগঠনিক সম্পাদক – বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফারুক সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক – মো. মোশাররফ হোসেন খোকন, সাংস্কৃতিক সম্পাদক – অধ্যক্ষ মো. জয়লাল আবেদীন, প্রচার সম্পাদক – মো. মনসুর আলম, নির্বাহী সদস্য – কামরুল হুদা, কুলসুম চৌধুরী ও ইয়াসমিন আরা বানু।
দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক (২০২৬ – ২০২৮) কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
উল্লেখ্য, দিনাজপুর জিলা স্কুল ১৯৬৮ ব্যাচ কল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক ও কল্যাণমূলক সরকারী নিবন্ধিত প্রতিষ্ঠান। শ্রেণিবন্ধুদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষের স্বাবলম্বী করার মহান লক্ষ্য নিয়ে সংগঠনটি ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।