অ্যাডভোকেট এম এ মজিদ : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত গণধর্ষণ ছিল কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়, কোনো ‘যুদ্ধকালীন বিশৃঙ্খলা’ও নয়। এটি ছিল পরিকল্পিত, নির্দেশিত এবং আদর্শিকভাবে অনুমোদিত একটি মানবতাবিরোধী অপরাধ। তবু আশ্চর্যজনকভাবে এই অপরাধের পরিসংখ্যান নিয়ে আমরা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যেই ঘুরপাক খাচ্ছি ‘দুই লক্ষ নারী’। এই সংখ্যাটি বারবার উচ্চারিত হয়েছে পাঠ্যপুস্তকে, রাষ্ট্রীয় ভাষণে, এমনকি আন্তর্জাতিক মঞ্চেও। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যা কি সত্য, নাকি এটি আমাদের জন্য সুবিধাজনক একটি মিথ্যা স্বস্তি?
‘দুই লক্ষ’ সংখ্যাটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে দেশজুড়ে কখনো পূর্ণাঙ্গ গণনা, স্যাম্পল সার্ভে বা পদ্ধতিগত তথ্যসংগ্রহ হয়নি। সামাজিক লজ্জা, ভয়, ধর্মীয় ও পারিবারিক চাপের কারণে অধিকাংশ নারী সামনে আসেননি। গ্রামবাংলার বিশাল অংশ তখন রাষ্ট্রীয় যোগাযোগ ও প্রশাসনের বাইরেই ছিল। ফলে যে সংখ্যাটি প্রচলিত হয়েছে, তা মূলত কিছু সাংবাদিক প্রতিবেদন, সীমিত সাক্ষ্য এবং অনুমানের ওপর দাঁড়িয়ে – যা সর্বোচ্চ ক্ষেত্রে একটি রক্ষণশীল, ন্যূনতম হিসাব। অর্থাৎ, যা ধরা পড়েছে কেবল সেটুকুই ধরা হয়েছে; যা ধরা পড়েনি, সেটি হিসাবের বাইরেই থেকে গেছে।
এই সীমাবদ্ধতার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় অস্ট্রেলীয় চিকিৎসক ড. জিওফ্রে ডেভিসের কাজ থেকে। তিনি ১৯৭১–৭২ সালে বাংলাদেশে অবস্থান করে ধর্ষণের শিকার নারীদের জন্য গর্ভপাত কার্যক্রম তদারক করেন। তাঁর নিজের বক্তব্য ও গবেষণায় জানা যায়, শুধু ঢাকাতেই প্রতিদিন গড়ে প্রায় ১০০টি গর্ভপাত করা হতো। ঢাকার বাইরের বড় শহর ও ক্যাম্পগুলোতে সংখ্যাটি ছিল প্রায় একই। এই কার্যক্রম চলেছে মাসের পর মাস। সংরক্ষণশীল হিসাবেও দিনে ২০০টি গর্ভপাত ধরে ছয় মাসে সংখ্যাটি দাঁড়ায় প্রায় ৩৬ হাজার। এটি কেবল ড. ডেভিসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত কার্যক্রম। এর বাইরে ছিল কলকাতা ও অন্যান্য সীমান্ত শহরে গোপন গর্ভপাত, গ্রামাঞ্চলে অনানুষ্ঠানিক ও নথিভুক্তহীন উদ্যোগ এবং বিপুল সংখ্যক নারী যারা গর্ভপাত না করিয়ে সন্তান জন্ম দিয়েছেন।
এখানে একটি মৌলিক সত্য স্বীকার করতেই হবে – গর্ভপাতের সংখ্যা কখনোই ধর্ষণের সংখ্যার সমান হয় না। সব ধর্ষণের ফলে গর্ভধারণ হয় না, সব গর্ভধারণ গর্ভপাত পর্যন্ত যায় না এবং বহু নারী সামাজিক চাপ বা ভয়েই চিকিৎসার কাছে পৌঁছাননি। অর্থাৎ, গর্ভপাতের কয়েক লক্ষ কেস মানেই ধর্ষণের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি।
এর সঙ্গে যুক্ত করতে হবে যুদ্ধ-পরবর্তী ‘যুদ্ধশিশু’দের বাস্তবতা। আন্তর্জাতিক দত্তক সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ শিশু বিদেশে দত্তক দেওয়া হয় – এটি নথিভুক্ত ইতিহাস। অথচ এগুলো ছিল কেবল বেঁচে যাওয়া, শনাক্তযোগ্য এবং রাষ্ট্রের নজরে আসা কেস। যদি সংরক্ষণশীলভাবে ধরা হয় যে প্রায় পাঁচ লক্ষ গর্ভপাত হয়েছে এবং প্রায় পাঁচ লক্ষ শিশু জন্ম নিয়েছে বা দত্তক হয়েছে, তাহলে ধর্ষণের শিকার নারীর সংখ্যা দাঁড়ায় কমপক্ষে দশ লক্ষ। এটিও পূর্ণ সংখ্যা নয় – বরং দৃশ্যমান পরিণতির ওপর দাঁড়ানো একটি ন্যূনতম অনুমান।
সবচেয়ে ভয়াবহ সত্য হলো – এর বাইরেও একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে, যারা কোনো পরিসংখ্যানে নেই। প্রত্যক্ষদর্শী ও গবেষকদের বিবরণে পাওয়া যায়, বহু নারীকে ‘ফিরিয়ে’ এনে স্বামী বা পরিবার হত্যা করেছে। অনেক নারী আত্মহত্যা করেছেন। অনেককে সমাজচ্যুত করে অনাহার ও অসুখের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এরা কেউ কোনো তালিকায় নেই, কোনো সরকারি হিসাবেও নেই। অথচ ইতিহাসের সবচেয়ে ভয়ংকর মূল্য দিয়েছেন তাঁরাই।
এই প্রেক্ষাপটে দখলদার সেনাবাহিনীর নীতিগত অবস্থানকে উপেক্ষা করা আত্মপ্রবঞ্চনা। কুমিল্লা কারাগারে বন্দি এক পাকিস্তানি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ধর্ষণ ছিল নির্দেশিত কৌশল – লক্ষ্য ছিল ‘জৈবিক দখল’ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বদলে দেওয়া। যদি ধর্ষণ রাষ্ট্রীয় নীতির অংশ হয়, তবে তা কখনোই বিচ্ছিন্ন বা সীমিত সংখ্যায় আবদ্ধ থাকে না। পরিকল্পিত অপরাধের পরিসরও পরিকল্পিতভাবেই ব্যাপক হয়।
‘দুই লক্ষ নারী’ – এই সংখ্যাটি তাই ইতিহাসের সত্য নয়, বরং ইতিহাসকে সহনীয় করে তোলার একটি উপায়। এটি ভয়াবহতার প্রকৃত ব্যাপ্তিকে ছোট করে দেখায় এবং অগণিত নীরব নারীর অস্তিত্বকে অস্বীকার করে। তথ্য, যুক্তি ও বাস্তবতার আলোকে স্পষ্টভাবে বলা যায় – ১৯৭১ সালে কমপক্ষে দশ লক্ষ বাংলাদেশি নারী হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে সম্ভ্রমহানির শিকার হয়েছিলেন।
এটি কোনো সংখ্যার প্রতিযোগিতা নয়। এটি ন্যায়বিচার, স্মৃতি এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন। দুই লক্ষ বললে আমরা স্বস্তি পাই। দশ লক্ষ বললে আমাদের অস্বস্তি হয়। কিন্তু ইতিহাস স্বস্তির জন্য লেখা হয় না। ইতিহাস লেখা হয় সত্যের জন্য। কারণ নীরবতাও এক ধরনের মৃত্যু।
লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং জাতীয় সাংবাদিক সোসাইটি ও ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।
