Daily Gazipur Online

পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পায়রা বন্দরে ভ‚মি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদদস্যদের ২০১৯-২০২০ অর্থবছরের কারিগরী বিষয়ক ২য় পর্বের প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পায়রা বন্দর ওয়্যার হাউস মিলনায়তনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ডিআইএসএফ প্রকল্প) ক্যাপ্টেন এম. মুনিরুজ্জামান।
পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ন পরিচালক (উপসচিব) খন্দকার নূরুল হক‘র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা ডরপ এর টীম লিডার জেবা আফরোজ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা জালাল আহম্মেদ, খেপুপাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র প্রতিষ্ঠাতা পরিচালক এম এস সালেহ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।
বন্দর সুত্রে জানা গেছে, কারিগরী ও জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বেসিক কম্পিউটার, গাড়ী চালক, রাজমিস্ত্রি, পোষাক তৈরি, ওয়েল্ডিং, ছাগল পালন, গরু মোটাতাজাকরন, ব্রয়লার, ককরেল ও টার্কি পালন, মৎস্য চাষ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য আহরণ, উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগীর খাদ্য তৈরি, উন্নত প্রযুক্তি ব্যবহার পূর্বক গাভী পালনসহ এসব ট্রেডে ২৬টি ব্যাচে ৬৬৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইতোপূর্বে প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত পরিবারের ১১৩৪ জনকে ১০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ছয় মাস, তিন মাস, এক মাস ও ২১ দিন মেয়াদী এসব প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার পায়রা বন্দরের জন্য অধিগ্রহণের জমিহারা পরিবারের প্রত্যেককে, আনুমানিক ৪২০০ পরিবারকে ঘরবাড়ি, ক্ষতিপুরনের টাকা ছাড়াও প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। যার দ্বিতীয় ধাপের শুরু হলো। পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র ডরপ এ প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রথম ধাপের প্রশিক্ষিত অনেকে পেয়েছেন কর্মসংস্থান।