Daily Gazipur Online

পুলিশের সহায়তায় দত্তক শিশু ফিরল জন্মদাত্রী মায়ের কোলে

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাত্র ৩০ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পেরে সোমবার টঙ্গীতে দুই মাসের শিশুকে দত্তক দিতে বাধ্য হন মা লিমা হনুফা। বিষয়টি জানতে পেরে ঋণ পরিশোধ করে পুলিশ বৃহস্পতিবার জন্মদাত্রী মায়ের কোলে ফিরে দিল শিশু হোসেনকে।
এলাকার লোকজন জানায়,অভাব-অনটনের সংসারে এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে পাঁচজনের পরিবার লিমা হনুফা ও মাসুমের। পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় শিশুটির বাবা মাসুম পঙ্গুত্ববরণ করে কর্মক্ষমতা হারান। টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় আইনুদ্দিনের আধাপাকা বাড়িতে বড় মেয়ে মুনমুন, ছেলে হাসান ও ৫৭ দিন আগে তাদের ঘরে জন্ম নেওয়া শিশুসন্তান হোসেনকে নিয়ে বাস করেন তারা।
মা লিমা হনুফা বলেন, আমি মানুষের বাসায় আয়া হিসেবে কাজ করতাম। শিশু জন্ম নেওয়ার পর কাজ করতে পারছি না। আমার স্বামী পঙ্গু হওয়ায় তাকে কেউ কাজে নেয় না। আমার তিন মাসের ঘরভাড়া ১২ হাজার, দোকানে বাকি ১০ হাজার ও ওষুধের দোকানে আট হাজার টাকা ঋণ হয়। বাড়ির মালিক পাওনা টাকার জন্য চাপ দিলে আমার শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে দত্তক দেই।
পরে বাচ্চাকে ফিরে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম ওই ৩০ হাজার টাকা পরিশোধ করে আমার শিশুকে আমার কাছে এনে দিয়েছেন। সেই সঙ্গে আমার স্বামীকে একটি কারখানায় কাজের ব্যবস্থা করেন ও আমার ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।
দত্তক নেওয়া স্বর্ণা আক্তার বলেন, আমরা নি:সন্তান। দীর্ঘদিন যাবত একটি শিশু লালন-পালনের জন্য খুঁজছিলাম। পরে খবর পেয়ে শিশু হোসেনকে আমাদের কাছে এনেছিলাম। বুধবার পুলিশের নির্দেশে বৃহস্পতিবার আমরা শিশুটিকে তার নিজ মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ঋণ পরিশোধ করতেই শিশু সন্তানকে দত্তক দেন মা লিমা হনুফা। পরে ৩০ হাজার টাকা দিয়েই শিশুটিকে ফিরিয়ে এনেছি। টঙ্গীর হক গ্রুপের একটি কারখানায় বাবা মাসুমকে চাকরির ব্যবস্থা ও দুই সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করেছি।