ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে জঙ্গি সংগঠনে অর্ন্তভূক্তির দায়ে ১ নারী সহ আনসার আল ইসলামের ২ সক্রিয় সদস্য‘কে গ্রেফতার ও ১ নারী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব ।
র্যাব-২ এর একটি আভিযানিক দল আজ ৯ জুলাই বরিশাল শহরের একটি মাদ্রাসায় অভিযান পরিচালনা করে ভিকটিম সাফিয়া আক্তার তানজী‘কে উদ্ধার সহ আনসার আল ইসলামের সক্রিয় নারী সদস্য জান্নাতুল নাঈমা (২২), জেলাঃ চট্রগ্রাম‘কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ জুলাই ২০১৯ তারিখ ১০.০০ ঘটিকায় রাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের সহযোগী আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মোঃ আফজাল হোসেন (২৩), জেলা-শেরপুর‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে উগ্রবাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ভিকটিম তানজি’কে কথিত প্রেমিকের নিকট বিয়ের প্রলোভন দেখিয়ে চট্রগ্রাম থেকে বরিশাল নিয়ে আসা ও জঙ্গি সংশ্লিষ্টতায় সম্পৃক্ততার কথা স্বীকার করে।
ভিকটিম সাফিয়া আক্তার তানজী সূত্রে জানা যায়, সে চট্রগ্রামের একটি কলেজে বিবিএ অধ্যয়নরত ছিলো। গত দু’বছর যাবৎ সে পিতা-মাতার সাথে চট্রগ্রাম শহরে বসবাস করছে। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে নাঈমাসহ বেশ কয়েকজন মেয়ের সাথে পরিচয় ঘটে। সেখানে একটি গ্রæপে নাঈমা ও অন্য নারী সদস্যদের ফেসবুক বন্ধু বরিশাল নিবাসী সহিফুল @ সাইফ এর সাথে পরিচয় হয়। নাঈমা ও অন্যান্য মহিলাদের প্ররোচনায় সাইফ এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়। অতঃপর ভিকটিম তানজি তার ফেসবুক বন্ধু নাঈমা ও সহযোগী অন্যান্য নারী-পুরুষ সহযোগীদের প্ররোচণায় সাইফ‘কে বিবাহ করার জন্য গত ২৬ জুন ২০১৯ তারিখে নাঈমার সঙ্গে বরিশালের উদ্দেশ্যে গৃহ ত্যাগ করে। বরিশালে পৌঁছানোর পর কথিত প্রেমিক সহিফুল @ সাইফ তানজিকে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। উক্ত মাদ্রাসায় অবস্থানকালীন সময়ে বিয়ের প্ররোচণায় তাকে জঙ্গিবাদে প্রলুব্ধ করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আফজাল হোসেন‘কে জিজ্ঞসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে আনসার আল ইসলাম এর সাথে জড়িত। সে বর্তমানে রাজধানী ঢাকার নিকটস্থ একটি এলাকার স্থানীয় সংগঠক। জিজ্ঞাসাবাদে সে সংগঠনের নির্দেশনা অনুসারে মহিলা সদস্যদের দলে অন্তর্ভূক্তি সহ নারী সদস্যদের দ্বারা নাশকতা পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
গ্রেফতারকৃতরা উক্তরূপ কার্য দ্বারা ধর্ম ভিরু সহজ সরল ও শান্তিপ্রিয় নারীদেরকে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা সৃষ্টি ও উগ্রবাদিতায় উদ্বুদ্ধ করে নাশকতা হামলা চালানোর জন্য প্ররোচিত করে আসছিল।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।