Daily Gazipur Online

ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’ লেখা : নোটিশ, চরম বিপাকে গ্রাহকরা

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ সারাদেশজুড়ে তীব্র এলপিজি সংকটে বিপাকে পড়েছেন গৃহস্থালি ও অটোগ্যাস ব্যবহার কারীরা। চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, আমদানি জটিলতা এবং দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় অনেক এলাকায় দোকান ও স্টেশনে ঝুলছে ‘গ্যাস নেই’ নোটিশ। সংকট নিরসনে সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে আগামী সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভয়াবহ সংকট দেখা দিয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার বিক্রেতাদের দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’ লেখা নোটিশ। কোথাও পাওয়া গেলেও তা সরকারি নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
এলাকাবাসী ও ভোক্তাদের অভিযোগ, এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেও গ্যাস মিলছে না। সরকারি দামে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩০০ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়। অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকির অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ব্যবসায়ী ও গ্যাস বিক্রেতারা বলছেন, দোকানে সিলিন্ডার থাকলেও অধিকাংশই খালি। পর্যাপ্ত রিফিল না পাওয়ায় বাধ্য হয়েই ‘গ্যাস নেই’ বোর্ড টানাতে হচ্ছে। সংকটের প্রভাব পড়েছে অটো গ্যাসনির্ভর পরিবহন খাতেও। অনেক অটোগ্যাস স্টেশন বন্ধ রয়েছে, আবার কোথাও গ্যাস নিতে দীর্ঘ যানজট দেখা গেছে। আজ সোমবার সকালে সিএনজি চালকরা এই প্রতিবেদককে জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও গ্যাস পাচ্ছেন না। রাস্তায় যাত্রী সংখ্যা বহুগুণ বেশি কিন্তু সড়কে সিএনজি কম।
ব্যবসায়ী সমিতির তথ্যমতে, দেশে মাসিক এলপিজির চাহিদা ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ মেট্রিক টন হলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৪০ শতাংশ। সাড়ে ৫ কোটি সিলিন্ডারের বিপরীতে মাসে রিফিল হচ্ছে মাত্র সোয়া কোটি। যানবাহন খাতে যেখানে মাসিক চাহিদা প্রায় ১৫ হাজার মেট্রিক টন, সেখানে সরবরাহ মিলছে মাত্র ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন।
খাতসংশ্লিষ্ট সূত্র গুলো জানায়, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাহাজ সংকট, ঋণপত্র (এলসি) খুলতে জটিলতা এবং সময়মতো সরকারি অনুমতি না পাওয়াই এই নজিরবিহীন সংকটের মূল কারণ।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সহ-সভাপতি হুমায়ুন রশীদ সাংবাদিকদের বলেন, দেশে ২৮টি লাইসেন্সপ্রাপ্ত এলপিজি কোম্পানির মধ্যে মাত্র ৭–৮টি নিয়মিত আমদানি করতে পারছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পেলে সব কোম্পানি আমদানি সক্ষম হবে এবং তখন বাজারে উদ্বৃত্ত তৈরি হতে পারে।
এদিকে আমদানিকারকরা জানান, সংকট মোকাবিলায় সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দ্রুত কার্যকর হলে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে এলপিজি পরিস্থিতির উন্নতি হতে পারে।