ডেইলি গাজীপুর প্রতিবেদক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৩ মন্ত্রী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবারের মধ্যেই শোকজের জবাব দিতে বলেছে ইসি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে।
তিন মন্ত্রীসহ যাদের শোকজ করা হলো-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর-২ আসনের সংসদ জাহিদ আহসান রাসেল, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এর মধ্যে, আচরণবিধি ভেঙে অস্ত্রধারীসহ শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান বুধবার ঢাকা থেকে কামারখালী এলাকা হয়ে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে ঢোকেন। তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এতে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে শোকজ করা হয়েছে। তাকে শুক্রবার বিকেল তিনটার মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা ফরিদপুর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া, সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মোস্তাফিজ সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ করেছে ইসি।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহকেও শোকজ করেছে ইসি।
