স্টাফ রিপোর্টার : রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
তারা হলেন- অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)। এদের মধ্যে আশিক নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি, ২০২৫) ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
ডিএমপির রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান গণমাধ্যমকে জানান, আজ ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান।
রাজধানীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
