Daily Gazipur Online

লালপুরে পুলিশের সাজানো মামলার প্রতিবাদ ও আটক ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরের নিজ বাড়ি থেকে ৩ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে রাজশাহীর বাঘা থানার খানপুর থেকে আটক দেখিয়ে পুলিশের সাজানো মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

জানা যায়, শুক্রবার ( ২৭ মার্চ) লালপুরের বিলমাড়ীয়া বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের নামে সাজানো মামলার প্রতিবাদ ও আটককৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
রাজশাহীর বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক গত ১৫ মার্চ ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন মামলা নং ১৫ ।

মামলার এজাহারে নাম না থাকলেও গত ২৫ মার্চ রাতে লালপুরের বিলমাড়ীয়া বাজারের ব্যবসায়ী কাবিল হোসেন ( ৪৪ ) , আশিক ( ২৪ ) , সিদ্দিকুর রহমান সবুজ ( ৩৩) সহ লিটন সরদার ( ৪০ ) কে নিজ নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের পরিচয়ে নিয়ে যায়। তাদেরকে বাঘা থানার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারস্থ মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর দোকানের পিছন থেকে গ্রেফতার দেখিয়ে বাঘা থানা পুলিশ কোর্টে প্রেরণ করেন।

আটককৃতদের বিরুদ্ধে সাজানো মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ব্যবসায়ী সঞ্জয় কুমার কর্মকার, বিলমাড়ীয়া হাট – বাজার কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সরদার, সহ সাধারণ সম্পাদক মুনতাজ আলী, ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম শরিফ, আটক সবুজের মা , কাবিলের ছেলে আয়াত আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ডিবির লোকজন আমাদের পরিবারের সকলের ফোন নিয়ে গেছে।বিলমাড়ীয়া ইউনিয়নের ৩ জন গ্রাম পুলিশ তাদের সাথে ছিল। তারা বাড়ি থেকে ঘুমন্ত মানুষকে নিয়ে গেল, আর বাঘার মধ্যে থেকে আটক দেখায় কিভাবে, যদি অপরাধী হয়ে থাকে তাহলে বাড়ি থেকে আটক দেখাতে পারতো। পুলিশ এমন জঘৃণ কাজ করতে পারে,তা আমাদের জানা ছিল না।