গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার একটি বে-সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার স্থান রহস্যজনকভাবে পরিবর্তন করে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে নির্দিষ্ট স্থানে পরীক্ষা দিতে গিয়েও ফিরে এসেছেন ছয় প্রার্থী।
বিদ্যালয়ের সভাপতি পছন্দের শিক্ষককে নিয়োগ দিতেই গোপনে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের করেছে বলে অভিযোগ উঠেছে।
পরীক্ষা দিতে না পারা শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, উপজেলার আই হাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় বিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদটি পূরনে শিক্ষক নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে বিভিন্ন বিদ্যালয় হতে বেশ কিছু যোগ্য শিক্ষক ওই স্কুলের প্রধান শিক্ষক পদে তাদের আবেদন পত্র জমা দেন।
তাদের আবেদনপত্রগুলো যাচাই-বাছায়ের পর মোট ১৩ জন শিক্ষককে ওই পদে পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়। এর পর প্রত্যেককে বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষরিত পরীক্ষার কেন্দ্রে প্রবেশের জন্য একটি করে প্রবেশপত্র দেওয়া হয়।
ওই প্রবেশ পত্রে সাক্ষাতকার পরীক্ষা ৭ আগস্ট বুধবার সকাল ১০টায় আইহাই উচ্চ বিদ্যালয়ে হওয়ার কথা বলা হয়। ফলে প্রার্থী মোহাম্মদ এবাদুর রহমান, জালাল উদ্দীন, তাজমুল হকসহ ছয়জন যথা সময়ে উক্ত বিদ্যালয়ে উপস্থিত হন। এর পর সেখানে কাউকে উপস্থিত না পেয়ে তারা হতবাক হয়ে ফিরে যান।
পরক্ষণে তারা জানতে পারেন, বিদ্যালয়ের সভাপতি তার পছন্দের মনোনীত প্রার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার উদ্দেশ্যে কৌশল অবলম্বন করে পরীক্ষার স্থান পরিবর্তন করে সাপাহার উপজেলা সদরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্ধারণ করেছেন।
তড়ি ঘড়ি করে পরীক্ষার কাজ সমাপ্ত করে সভাপতির মনোনীত শিক্ষককে নিয়োগ প্রদান করেন। তবে পরীক্ষার স্থান পরিবর্তনের ব্যাপারে ওই ছয় প্রার্থী কে জানানো হয়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা হলে তিনি জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাতজন পরীক্ষার্থী উপস্থিত হয়। বিদ্যালয়ের সভাপতি আমাকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। অন্য কোথাও পরীক্ষা হওয়ার কথা ছিল কিনা তা আমি জানি না।
এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের সভাপতির সাথে যোগাযোগ করতে চাইলে, বিদ্যালয়ের সভাপতির মোবাইলে বার বার কল করে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এর পর বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারের ফোনে কল দিলে তিনিও তার ফোনটি রিসিভ না করায় তার সাথেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিদ্যালয়ের সভাপতির কৌশল অবলম্বনে বিষয়টি সাপাহারে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।