Daily Gazipur Online

হাজারীকে এক নজর দেখতে স্বজন-ভক্তদের আকুতি

ডেইলি গাজীপুর প্রতিবেদক,ফেনী: প্রয়াত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারীকে এক নজর দেখতে তার ফেনীর মাস্টার পাড়ার হাজী আবদুল গনি হাজারী বাড়ির সামনে ভিড় করেছেন ভক্ত সমর্থকরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তার মরদেহবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্সটি এলাকায় এসে পৌঁছে।
এ সময় হুমড়ি খেয়ে পড়েন স্বজন ও তার ভক্তরা। হাজারীকে এক নজর দেখার জন্য আকুতি জানান সবাই। এরপর তাকে নেওয়া হয় তার বাড়ি শৈল কুঠিরের মুজিব উদ্যানে। সেখানে সর্ব সাধারণ তাকে শেষ দেখা দেখেন।
জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর ফেনী পাইলট মাঠে নেওয়া হবে। সেখানে বিকাল সাড়ে ৪টায় তার নামাজে জানাজা হবে। জানাজা শেষে মুজিব উদ্যানে তাকে সমাহিত করার কথা রয়েছে।