ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতা কে হবেন এবং (তারা যদি জেতে) প্রধানমন্ত্রী কে হবেন, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নির্বাচন বানচাল করতে চায় অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেছেন, যেভাবেই হোক নির্বাচন হবেই।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে ওয়াদা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও যেন আমরা আপনাদের সেবা করতে পারি। আপানারা আমাদের কথাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন যে, উন্নয়ন চাইলে নৌকা মার্কা। নৌকা মার্কায় ভোট দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা কি দেবেন নৌকা মার্কায় ভোট সবাই। শুধু নিজে দিলে হবে না, পরিবার, বন্ধু-বান্ধব সবার কাছে প্রচার করতে হবে। প্রচার করতে হবে যে দেশের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগই আছে। আওয়ামী লীগই দেশে উন্নয়ন করতে পারে, গণতন্ত্র দিতে পারে। যারা বিদেশে এখানে সেখানে ধরনা দেয়, ওই সব কোনো কাজে লাগবে না। জনগণের শক্তি বড় শক্তি। আর আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণের উপরই আমার আস্থা। ১৫ আগস্ট মা, বাবা সবাইকে হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমার পরিবার, আমার আপনজন। কাজেই তাদের জন্য কাজ করা এটা আমার দায়িত্ব কর্তব্য হিসেবেই আমি দেখি।
জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীরর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
