Daily Gazipur Online

করোনা ভাইরাসের সংক্রমন রোধে জীবাণুনাশক ছিটালো ডিএমপি

এস,এম,মনির হোসেন জীবন : বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে আজ তৃতীয় দিনের মতো ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ মার্চ থেকে ঢাকা নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগে একযুগে জীবাণুনাশক ঔষধ ছিটানো হচেছ। তার মধ্যে রয়েছে- রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল।
ডিসি মো: মাসুদুর রহমান বলেন, প্রথম পালায় প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে বিকেল ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটানো কার্যক্রম চলছে।
উল্লেখ্য, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর নির্দেশনায় গত বুধবার (২৫ মার্চ) থেকে দৈনিক দুই বার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।