Daily Gazipur Online

জনস্রোত ও জন সমুদ্রে পরিণত হবে সভামঞ্চ : সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর, ২০২৫) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ইতোমধ্যে রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শেষ মুহূর্তের কাজ চলমান আছে। তার প্রত্যাবর্তনের খবরে দলটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিপুল উচ্ছ্বাস, যা ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়েও। তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন জেলার নেতাকর্মীরা গত ২/৩ যাবত ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক, ট্রেন ও মাইক্রোবাস ভাড়া করছেন। দলের শীর্ষ ও মহানগর নেতারা আশা করছেন, ওই দিন ভোর থেকেই রাজধানীর চারপাশ থেকে ঢাকামুখী জনস্রোত শুরু হবে এবং নেতাকর্মীদের ঢল বিশাল সমুদ্রে পরিণত হবে। এমনটাই তাদের প্রত্যাশা। উঁচু সভামঞ্চটিকে ঘিরে লাখো লাখো মানুষের জনস্রোত ও জন সমুদ্রে পরিণত হবে পুরো ৩০০ ফিট এলাকাটি।
খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা মহানগরের নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি । ইতোমধ্যে বুকিং দেওয়া হয়েছে ১০ রুটের বিশেষ ট্রেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর, ২০২৫) দুপুরের মধ্য দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে। বেলা ১১টা ৫৫ মিনিটে স্ত্রী-কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। এসময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এর মধ্যে কয়েকবার দেশে এসেছেন, তবে তারেক রহমানের ফেরা এতদিন সম্ভব হয়নি।
সুদীর্ঘ প্রতীক্ষার পর এবার তার দেশে প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।