ডেইলি গাজীপুর প্রতিবেদক : বর্তমান পরিস্থিতিতে দেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্তদের জরুরি চিকিৎসায় মেডিকেল অক্সিজেন উৎপাদনের জন্য চালু রয়েছে টাঙ্গাইলে বিসিক শিল্প নগরীর মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি।
করোনায় আক্রান্তদের অন্যান্য চিকিৎসা উপকরণের মধ্যে অন্যতম হলো মেডিকেল অক্সিজেন বা তরল অক্সিজেন। যার সিংহভাগ জোগান দিচ্ছে টাঙ্গাইলের বিআইজিএল নামের একটি প্রতিষ্ঠান। গত ১৮ই মার্চ ওষুধ প্রশাসনের নির্দেশনায় অক্সিজেন উৎপাদন করছে। আর উৎপাদিত অক্সিজেন চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায়।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেডের পরিচালক মো. আবুল হোসেন জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে দৈনিক ৭৫০ ঘনমিটার অক্সিজেন উৎপাদিত হলেও ২০০০ ঘনমিটার পর্যন্ত উৎপাদনের সক্ষমতা আছে। আগে আট ঘণ্টা করে কাজ করতে হলেও এখন প্রায় দ্বিগুণ সময় কাজ করছেন সেখানকার কর্মীরা। তবে এতে নেই কোনো অভিযোগ। তাদের এই শ্রমে রোগীরা সুস্থ হলেই নিজেদের ধন্য মনে করবেন তারা। দেশের চারটি অক্সিজেন গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এ প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা এক কোটি ৪০ লাখ ঘনমিটার।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেডের পরিচালক মো. আবুল হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা মেডিকেল অক্সিজেন দেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই করছি। আগামী তিন মাস বা আরো বেশি সময়ের জন্য করোনা রোগীদের জন্য যেন মেডিকেল অক্সিজেন সার্বক্ষণিক সরবরাহ করতে পারি সে বিষয়ে নির্দেশনা আছে। সেই প্রেক্ষিতেই আমাদের প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা খোলা রেখেছি।
টাঙ্গাইলের ডিসি মো.শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসায় এ মেডিকেল অক্সিজেন সাপ্লাই দেয়া হচ্ছে। উৎপাদন সচল রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরাও সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি কর্মকাণ্ড চালিয়ে যেতে সব ধরনের সাপোর্ট দেয়া হবে। বাংলাদেশে এমন চারটি কোম্পানি রয়েছে, তার মধ্যে একটি আমাদের এখানে কাজ করে যাচ্ছে।