Daily Gazipur Online

টঙ্গীতে অজ্ঞান-মলম পাটি চক্রের ৮সদস্য আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর বিভিন্ন এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-১এর সদস্যরা। আটককৃতরা হচ্ছ- মোঃ জয় হোসেন (২৫), মোঃ আল আমীন (২২), মোঃ রানা (২০), মোঃ আসাদুজ্জামান (১৯), মোঃ কবীর হোসেন (১৯), মোঃ লিমন (২৭), মোঃ স্বপন (১৯) ও মোঃ শাকিল হোসেন (২০)। এ সময় আটককৃতদের কাছ থেকে ২টি মলম, ১টি স্প্রে, ৪টি মোবাইল ফোন, ৬টি স্পেয়ার বেøট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-১এর অধিনায়ক মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, ঈদ উল আযহাকে সামনে রেখে সংঘবদ্ধ অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ব্য বেড়ে গেছে। ইতিমধ্যে র‌্যাব সদস্যরা টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের আটক করলেও এখনও এই চক্রটি সক্রিয় রয়েছে। এই চক্রের সদস্যরা সাধারন পথচারীদের ও চলন্ত বাস এবং ট্রেনের যাত্রীদের অজ্ঞান করে কৌশলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ঢাকা-ময়মনসিংহ, আব্দুল্লাহপুর- টঙ্গী-কালীগঞ্জ রুটে এবং গাজীপুরের বিভিন্ন স্থানে বাসে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের রুমালের মধ্যে চেতনা নাশক ওষুধ স্প্রে করে অজ্ঞান করে সবর্স্ব লুট করে আসছে। এই চক্রের সদস্যরা রুমাল বিক্রয়ের নামে বাসে উঠে কৌশলে পূর্বে থেকে চেতনা নাশক স্প্রে মেশানো রুমাল বের করে বসে থাকা যাত্রীর নাকের কাছে ধরে। এসময় একই চক্রের একজন সদস্য সেখানে রুমাল কেনার অযুহাতে দর-দাম করতে থাকে যাতে করে চেতনা নাশক স্প্রে মেশানো রুমাল দীর্ঘ সময় বসে থাকা যাত্রীর নাকের কাছে ধরে রাখতে পারে।
অজ্ঞান হওয়া যাত্রীর পাশের সীটে বসা যাত্রী নেমে না যাওয়া পর্যন্ত এই চক্রের সদস্যটি সেখানে অপেক্ষা করতে থাকে এবং সেই যাত্রী নেমে যাওয়া মাত্র উক্ত সীটে বসে পরে খুব সহজেই সর্বস্ব লুট করে নিয়ে যায়। এছাড়াও একই ভাবে তারা শষা, বড়ই, আচার ইত্যাদি খাদ্যদ্রব্যে চেতনা নাশক ওষুধ মিশিয়ে সাধারণ মানুষকে অজ্ঞান করে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এই ভয়ঙ্কর চক্রটি উচ্চ ক্ষমতা সম্পন্ন চেতনানাশক স্প্রে প্রয়োগের ফলে ভিকটিম ২৪ ঘন্টার বেশি সময় অজ্ঞান হয়ে থাকে, এতে করে বড় ধরনের শারিরীক ক্ষতি ছাড়াও প্রাণহানীর সম্ভাবনা থাকে।