ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে দুটি ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার ৮ টুকরা লাশের নিখোঁজ মাথা আসামির বাসার টয়লেটের ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া লাশের পরিচয় শনাক্ত করেছেন নিহতের স্ত্রী শাহানা আক্তার। নিহতের নাম অলি মিয়া। তার বাড়ি নরসিংদী।
তিনি ঢাকা-টাঙ্গাইল রুটে চলমান আজমেরী গ্লোরি পরিবহনে হেলপার পদে চাকরি করতেন। এই ঘটনায় র্যাব চট্টগ্রামের হাটহাজারী থেকে দুজনকে ও পুলিশ গাজীপুর থেকে একজনকে আটক করেছে।
শনিবার ভোররাতে টঙ্গী পূর্ব থানায় এই ঘটনায় মামলা হয়। বিকেলে খুদে বার্তায় র্যাব দুজন আটকের কথা জানিয়ে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে বলে নিশ্চিত করে কিন্তু আসামিদের পরিচয় প্রকাশ করেনি।বিস্তারিত সাংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, র্যাবের অভিযানে চট্টগ্রামের হাটহাজারী থেকে আটক দুই আসামির মধ্যে একজনের নাম সাদেক। গাজীপুরের গাছা থেকে টঙ্গী পুলিশের আটক করা আসামির নাম বাপ্পি। বাপ্পীর দেওয়া তথ্য মতে, টঙ্গীর বনমালা রোডে সাদেকের বাসার টয়লেটের ফলস ছাদ থেকে অলির মাথা উদ্ধার হয়।একই সঙ্গে নিহতের কাপড়চোপড়ও উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। এই ঘটনায় অভিযান চলমান রয়েছে। মামলার বিবরণে বলা হয়, বাদীর স্বামী অলি মিয়া ঢাকা-টাঙ্গাইল রুটে চলমান আজমেরী গ্লোরি পরিবহনে হেলপার পদে চাকরি করতেন।
টঙ্গীতে দুটি ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার ৮ টুকরা লাশের নিখোঁজ মাথা উদ্ধার
