Daily Gazipur Online

টঙ্গীতে পাওয়ার গ্রিড সাব-স্টেশনে অগ্নিকান্ড

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে পাওয়ার গ্রিড সাব-স্টেশনে ‘বৈদ্যুতিক গোলযোগ’ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. রিফাত মল্লিক জানান, গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর ওয়াপদা গেইট এলাকায় ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে টঙ্গীর একাংশে রাতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা রিফাত বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। গ্রিডের ইনচার্জ প্রকৌশলী শেখ কুতুব উদ্দিন পলাশ বলেন, টি-ওয়ান ট্রান্সফরমারের সিটিটি ২০১০ সালে কেনা। হয়ত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিস্ফোরিত হয়েছে। এতে সিটি, ব্রেকার ও মেজারিং ইকুইপমেন্ট পুড়ে গেছে। ফলে টঙ্গীর একাংশে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। পরে গ্রিডে সচল থাকা অপর দুই ট্রান্সফরমার থেকে বিকল্প পদ্ধতিতে বিদুৎ সরবরাহ করা হয়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।