Daily Gazipur Online

টঙ্গীতে মেয়ে খুন: দণ্ডিত সৎ মায়ের আপিলের রায় মঙ্গলবার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে ২০১৫ সালে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।
সোমবার (২১ মার্চ) এ মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেলা আপিলের ওপর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়েছে।
শুনানি শেষে আদালত রায়ের জন্য আগামী মঙ্গলবার (২২ মার্চ) দিন রেখেছেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস।
২০১৫ সালের ১৩ জুন শাকিলা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে মোছা. সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় শাকিলাকে আসামি করে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় পরে পুলিশ শাকিলাকে গ্রেফতার করে।
পরে মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই এ সৎ মাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।
পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও আপিল করেন।
শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।