নাসির উদ্দীন বুলবুল: ছাঁটাই না করার দাবিতে রেলওয়ের অস্থায়ী কর্মীরা টঙ্গী রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টঙ্গী স্টেশনে এই অবরোধ কর্মসূচি করেন তারা।
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগ বাতিল, অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ীকরণ এবং আউটসোর্সিং নামে কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা।
সোমবার সকাল ১১টার দিকে টঙ্গী নতুনবাজার এলাকায় রেললাইনের ওপর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ও জামালপুরগামী জামলপুর এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো।
শ্রমিকরা জানান, তাদের না জানিয়ে গত ১ তারিখ থেকে ছাঁটাই করা হয়। এ ব্যাপারে তাদের কর্মকর্তাদের কাছে যাওয়ার পর তাদের চেনে না বলে অস্বীকার করেন।
পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনরত শ্রমিকরা। এতে ঢাকা-জয়দেবপুর রুটে কয়েকটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।
আটকে পড়া ট্রেনগুলো হলো ঢাকাগামী ঢাকা কমিউটার জয়দেবপুর, ঢাকাগামী ব্রহ্মপুত্র জয়দেবপুর, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস টঙ্গী, বিবাড়িয়াগামি তিতাস বিমানবন্দর আউটার, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর, তারাকান্দিগামী অগ্নিবীণা তেজগাঁও, পঞ্চগড়গামী একতা ক্যান্টনমেন্ট, জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর, ঢাকাগামী হাওড় মশাখালী থ্রু পাস, ঢাকাগামী সুবর্ণ পুবাইল, ঢাকাগামী ভাওয়াল ধীরাশ্রম, ঢাকাগামী বনলতা ধীরাশ্রম আউটার।
এ বিষয়ে টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুল রহমান জানান, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিকেল ৫টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। আশ্বাস পেয়ে শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন থেকে সরে দাঁড়ায়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেল কর্মচারীদের সাথে প্রতারণা করছে রেলমন্ত্রী : মনিরুজ্জামান মনির
বাংলাদেশ রেলওয়ের শ্রমিক-কর্মচারী ও পোষ্যদের সাথে রেলপথ মন্ত্রী প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
আজ ৪ জুলাই (সোমবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে মনিরুজ্জামান মনির বলেন, ২২ নভেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহিভূর্ত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ গেজেট আকারে প্রকাশ হওয়ার পর হতে রেলওয়ের সকল রেজিষ্টার্ড শ্রমিক সংগঠন ও রেলওয়ে পোষ্য সোসাইটি, বৈষম্যপূর্ণ ও সামঞ্জস্যহীন সাংঘর্ষিক এ নিয়োগ বিধিমালার বিভিন্ন বিষয়ের উপর আপত্তি ও সংশোধনের দাবিতে সারাদেশে আন্দোলন সংগ্রামের ফলে গত ২৭ ডিসেম্বর ২০২১ নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের জন্য ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কিন্তু গত সাত মাসেও নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনে গঠিত কমিটি নিয়োগ বিধিমালা সংশোধন করতে পারেনি। নিয়োগ বিধিমালা সংশোধন না করেই জনবল নিয়োগে একের পর এক সাকুর্লার প্রকাশ ও নিয়োগ পরীক্ষা চলছে। কিন্তু পূর্বের অনিষ্পন্ন প্রায় ১৮০০ জনবল নিয়োগের কোন অগ্রগতি নেই।
তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর পোষ্যকে সরাসরি নিয়োগে ২৩ জানুয়ারি ২০২২ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের মতামতের বিরুদ্ধে রেলপথ মন্ত্রণলায় ১৬ ফেব্রুয়ারি ২০২২ চিঠি প্রদান করে। রেলপথ মন্ত্রণালয়ের এই অযোক্তিক চিঠি রেলওয়ে শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। দ্রুত নিয়োগ বিধি সংশোধন করে স্থায়ী জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ না করে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের দাসত্ব প্রথা চালুর প্রক্রিয়া দেখে মনে হচ্ছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়েতে ঘাপটি মেরে বসে থাকা চক্র সরকারের সুনাম ক্ষুন্ন করার এবং রেলওয়ে ৩য়—৪র্থ শ্রেনীর শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কোন চক্র এসব করছে। রেলওয়ে কর্মচারী ও পোষ্যদের অধিকার হরণে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকান্ড রেলওয়ের শ্রমিক—কর্মচারী ও পোষ্যরা নীতিগতভাবে কখনোই মেনে নেবে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রেলপথ মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের নিয়োগ বিধিমালা সংশোধনের আশ্বাস ও কমিটি গঠনের নামে তাদের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছেন।
মনিরুজ্জামান মনির বলেন, রেলওয়ে ক্যাডার বহিভুর্ত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন না করেই রেলপথ মন্ত্রীর নির্দেশে সুকৌশলে নিয়োগ কার্যক্রম চালানোর মধ্য দিয়ে ত্রুটিপূর্ন নিয়োগ বিধিমালা ২০২০ বাস্তবায়নের চেষ্টা চলছে। বাংলাদেশ রেলওয়েকে সঠিকভাবে পরিচালনা করতে হলে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক কতৃর্ক ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষমতা পূনঃবহাল করতে হবে।
