মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর অদূরে মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার বালিয়াখোড়া ইউনিয়নের বালিয়াখোড়া দাসপাড়ায় গ্রামে ঢাক-ঢোল বিক্রি করে চলে ওদের সংসার। এখানে ছোট বড় প্রায় ৩২ থেকে ৩৩টির মতো পরিবার বসবাস করেন। এক সময় প্রতিটি পরিবারই এই পেশার সাথে জড়িত ছিল। বংশ পরম্পরায় ওরা ঢাক-ঢোল, তবলা, শিশুদের জন্য খেলনা ঢোল ইত্যাদি তৈরী ও বাজারজাত করে আসছিলেন। তবে, এখন আর তারা আগের মত নেই বললেই চলে। বেশীরভাগ পরিবার নিজেরাই কাজ করে থাকেন। তবে কেউ কেউ কারিগর নিয়ে কাজ করেন। বর্তমান সময়ে ব্যবসা মন্দা সেই কারণে অনেকেই ভিন্ন পেশায় কাজ করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন । খবর সংশ্লিষ্ট একাধিক তথ্য সূত্রের।
সরেজমিন পরিদর্শন, তথ্য অনুসন্ধান ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়া গ্রামে ঢাক-ঢোল, তবলা, শিশুদের জন্য খেলনা তৈরি করতে অনেকগুলি ধাপে এসব কাজ করা হয়। প্রথমে বিভিন্ন করাতকল থেকে (শ, মেশিন) আম, ডুমরা, নিমসহ বিভিন্ন সাইজের গোলাই কাঁঠ ক্রয় করে প্রয়োজন মতো সাইজ করা হয়। তারপর রং করে সুতা চামড়া দিয়ে সেটিকে মোড়ানো হয়। প্রকার ভেদে এগুলি অন্তত ৭ হাজার থেকে ১২ হাজার টাকা কিংবা কোন কোন সময় একটু বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া দাসপাড়ায় এই মহল্লাটি অবস্থিত। গাছগালির সবুজে আচ্ছাদিত সরু পাকা সড়কের পাশেই মহল্লাটি। এখানে সনাতন ধর্মাবলম্বী প্রায় ৩৩টি পরিবারের বসবাস। এ মহল্লার প্রতিটি পরিবার ঢাক, ঢোল, ঢুগি, তবলা, খোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করে আসছেন যুগ যুগ ধরে। এখানকার বাসিন্দাদের এখন দম ফেলার ফুরসত নেই। সারা বছর ঢাক–ঢোল তৈরি করলেও দুর্গাপূজার আগে এসব বাদ্যযন্ত্রের চাহিদা বাড়ে। পূজায় প্রাণের স্পন্দন জাগে ঢাক–ঢোলের তালে। সংসারের কাজের পাশাপাশি নারীরাও তাঁদের সহযোগিতা করছেন। পুরুষদের কেউ কেউ শুকনো গাছের মোটা কাণ্ড থেকে হাতুড়ি-বাটাল দিয়ে ঢাক ও ঢোলের ফাঁপা আকৃতির কাঠামো তৈরি করছেন। কেউ তৈরি করা আকৃতিতে পালিশ ও রং করছেন। আবার কেউ তৈরি করা ফাঁপা আকৃতির দুই পাশে চামড়া লাগাচ্ছেন।
এলাকাবাসী ও কারিগরদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ঢাক–ঢোল তৈরিতে আম, তাল, কাঁঠাল, মেহগনি, কড়ই, নিম ও ডুমুরগাছের কাঠ ব্যবহৃত হয়। এসব বাদ্যযন্ত্র তৈরির জন্য প্রথমে গাছের মোটা কাণ্ড বেছে নেওয়া হয়। কাঠ শুকালে বাদ্যযন্ত্রের আকৃতি করা হয়। পরে এর দুই পাশে চামড়া টেনে বাঁধা হয় বাঁশ ও পাটের দড়ি দিয়ে।
শ্রী হরি দাস ও গোপাল দাস নামে দুই জন ব্যবসায়ী সাংবাদিকদের জানান, আমরা ৭ ভাই ও ২ বোন এই পেশার সাথে জড়িত আছি। আমরা খেয়ে পরে ভালোই আছি। আমাদের তৈরি করা পণ্যগুলি ঢাকার শাখারী বাজারে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। শীত মৌসুমে এবং শীতের প্রভাব বাড়লে এর চাহিদা তুলনামূলক বৃদ্ধি বলে আশা প্রকাশ করেন তারা।
এই পরিবারের সদস্যরা আরো বলেন, ঢাকা থেকে সারা দেশেই ছড়িয়ে যায় আমাদের এসব ঢাক-ঢোল।
আমরা নিজেদের সাধ্য মতো এগুলি তৈরি করে যাচ্ছি।
এ পেশার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই প্রতিবেদককে বলেন, সরকার যদি সুদবিহীন ঋণ দিতো তাহলে আমরা ব্যবসা কিছুটা হলেও বাড়াতে পারতাম। আমরা ব্যাংকের সুদের ঝামেলায় যেতে চাই না। নিজেদের যা পুঁজি আছে তাই দিয়েই চলার চেষ্টা করছি। ঢাক ঢোল কি? কিন্তু উভয় বাদ্যযন্ত্রেরই দুই প্রান্ত চামড়া দিয়ে ঢাকা থাকে। ঢাক বাজানো হয় দু’টি কাঠি দিয়ে একই প্রান্তে। বাংলা ঢোল নামে আরেকটি বাদ্যযন্ত্র আছে। বাংলা ঢোলের আকার সাধারণ ঢোলের চেয়ে বড় থাকে, তাকেই আমরা ঢাক ঢোল বলি ।
নাম প্রকাশে অনিচ্ছুক মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার বালিয়াখোড়া গ্রামের একাধিক বাসিন্দা বলেন, এই এলাকার অন্তত ৩২/৩৩টি পরিবার ঢাক-ঢোল বিক্রি করে দীর্ঘ দিন ধরে সংসার চালাচ্ছে। অতিব কষ্টে চলে তাদের দিন। ছেলেদের পড়াশোনা ও পরিবারের সদস্যদের নিয়ে তারা অনেকটাই মানবেতর জীবনযাপন এবং সংসার চালাচ্ছে।
শিপন চন্দ্র দাস নামে এক কারিগর বলেন, বাদ্যযন্ত্র বানাতে আমাদের কষ্ট বেশি। লাভ কম। কাঠ, চামড়সহ জিনিসপত্রের দাম বেড়েছে; তাই খরচও বেড়েছে। আমার দাদা, এরপর বাবা আর এখন আমি এই কাজ করছি। এছাড়া শ্যামল চন্দ্র দাস নামে আরো একজন বলেন, তাঁরা বাড়িতে ঢাকা, ঢোল, নাল, খোল, তবলা তৈরি করে থাকেন। তবে ঢাক, ঢোল ও খোল পূজায় বেশি লাগে। দুর্গাপূজার সময় ঢাক বেশি চলে। বছরের অন্য সময় ঢোল, ঢোলক ও তবলা বেশি বিক্রি হয়।
এই পেশায় দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে ঢাক-ঢোল তৈরি করে আসছেন শ্রী কমল চন্দ্র রায়। তিনি বলেন, ঢোলের চেয়ে ঢাক তৈরিতে সময় বেশি লাগে। এ কাজে শ্রম ও দক্ষতা লাগে। আমাগো কষ্ট আছে, লাভ নাই। এসব তৈরিতে আমাদের যে খাটনি (পরিশ্রম), হিসাব করলে শুধু মজুরিই থাকে। মালের লাভ আমরা পাই না। পেট তো চালাতে হবে, সংসার চালাতে হবে। পূর্বপুরুষ এই কাজ কইরা আসছে, আমরাও করছি। কাঁঠ কেটে আকার দেওয়া থেকে শুরু করে চামড়া প্রক্রিয়াজাত করা, পালিশ করা ও সুর ঠিক করা—সব মিলিয়ে বেশ কষ্টসাধ্য কাজ। পূজার আগে তাই তাঁরা দিনরাত এক করে পরিশ্রম করেন।
সংশ্লিষ্ট ও সচেতন মহল মনে করছেন, ঢাক ঢোল এক ধরনের বাদ্যযন্ত্র। গোলাই কাঁঠ দিয়ে সাধারণত তৈরি করা হয়ে থাকে। বিয়ে- সাদি, আচার- অনুষ্ঠান, গানবাজনা, বাউল গানের আসর, মেলায় কিংবা যে কোন অনুষ্ঠানে ঢাক-ঢোল বিক্রি করা হয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, বহু বছর ধরে পরিবারগুলো ঢাক, ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করে আসছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও অনুদান পেলে পরিবারগুলো তাদের এত বছরের ঐতিহ্য সংরক্ষণ করতে পারবে।
এব্যাপারে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রনালয়, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মহলের সার্বিক সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী ও হতদরিদ্র পরিবরগুলো।
ঢাক-ঢোল বিক্রি করে চলে ওদের সংসার : দরকার সরকারি সাহায্য
