Daily Gazipur Online

তথ্য পাচারের অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তার জেল

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : চীনের কাছে ২৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে গোপন তথ্য বিক্রির অভিযোগে সিআইএ কর্মকর্তা দোষীসাব্যস্ত হয়েছেন। ভার্জিনিয়ার লিসবুর্গের বাসিন্দা ৬২ বছরের ম্যালরি মান্দারিন ভাষায় অনর্গল কথা বলতে পারেন। চীনের কাছে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে সিআইএর সাবেক এক কর্মকর্তাকে দোষীসাব্যস্ত করে ২০ বছরের কারাদÐ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিবিসি জানায়, গত বছর জুনে দুই সপ্তাহ ধরে কেভিন ম্যালরির মামলার শুনানি চলে। সিআইএর কর্মকর্তা হিসেবে তার উচ্চপর্যায়ের নিরাপত্তা ছাড়পত্র ছিল এবং তিনি সংবেদনশীল গোপন তথ্য কেন্দ্রে প্রবেশ করতে পারতেন। আদালতে শুনানির সময় ম্যালরির বিরুদ্ধে যেসব প্রমাণ উপস্থাপন করা হয় তার মধ্যে গোপন ক্যামেরায় তোলা একটি ভিডিও আছে। সেখানে তাকে একটি পোস্ট অফিসে একটি ডিজিটাল মেমোরি কার্ড থেকে গোপন তথ্য স্ক্যান করতে দেখা যায়। আদালতে উপস্থাপন করা অন্যান্য নথিতে দেখা যায়, ম্যালরি ২০১৭ সালের মার্চ ও এপ্রিলে সাংহাই ভ্রমণ করেন এবং সেখানে চীনের এক গোয়েন্দার সঙ্গে দেখা করেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জাকারি তেরউইলিগার বলেন, ম্যালরি শুধু আমাদের দেশকেই বড় ঝুঁকির মধ্যে ফেলেননি, বরং তিনি ওইসব মানুষদের জীবনও বিপদে ফেলেছেন যারা আমাদের দেশের সুরক্ষায় নিজেদের জীবন বিপন্ন করে। এই মামলার রায় ওইসব মানুষদের জন্যও সতর্কবার্তা যারা জনগণের বিশ্বাস ভঙ্গ করার এবং আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করার কথা ভাবছে। এ মাসের শুরুতে সিআইএর আরেক সাবেক এজেন্ট জেরি চুন শিং লিকে চীনের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষীসাব্যস্ত করা হয়। আর গত জুনে রন রকওয়েল হ্যানসেন নামে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তিনি তথ্য পাচারের বিনিময়ে চীনের কাছ থেকে অন্তত আট লাখ মার্কিন ডলার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।