Daily Gazipur Online

তুরাগে আওয়ামীলীগ নেতার মৃত্যু নিয়ে ধুম্রজাল

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের নয়ানীর চালা এলাকার মোহাম্মদ আলী মিয়া (৬৫) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে । এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে তুরাগ থানার এস আই সামসুল হক জানান, তুরাগের নয়ানীর চালা এলাকার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী ও ছেলে রাব্বির সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন যাবত বিবাদ চলছিল । এমনকি এ নিয়ে ছেলে রাব্বি ও বাবা আলী মিয়ার মধ্যে মারামারির ঘটনাও ঘটেছিল । ৬জুলাই মঙ্গলবার বিকেলে আলী মিয়া কিছুটা অসুস্থ বোধ করলে ছেলে রাব্বি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চায়, এতে আলী মিয়া অস্বীকৃতি প্রকাশ করে । এক পর্যায় ছেলে রাব্বি কয়েকজনকে সাথে নিয়ে এক ধরনের জোর করেই একটি মাইক্রো বাসে করে চিকিৎসার জন্য উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় । কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই আলী মিয়া মৃত্যু বরন করেন । পরে তার লাশ বাসায় আনা হয় । তিনি আরও জানান, এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শুরু হয় নানা ধরনের ধুম্রজাল । আবার কেউ কেউ বলতে থাকে আলী মিয়াকে ছেলে ও তার স্ত্রী চক্রান্ত করে হত্যা করেছে । এই ধরনের গুঞ্জন শুনে রাত ১২টার দিকে সঙ্গীয় ফচস্র সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রাত ২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরন করি । উক্ত কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে, আলী মিয়াকে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে । তিনি আরও জানান, নিহত আলী মিয়ার এক ছেলে ও এক মেয়ে ইটালি প্রবাসী, তাদের সংবাদ দেওয়া হয়েছে । তারা আসলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে । ঘটনার পর থেকে ছেলে রাব্বি গাঁ ঢাকা দিয়েছে বলে জানান এই কর্মকর্তা । সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি বলে জানান, তুরাগ থানার ডিউটি অফিসার এস আই শারমিন ।