Daily Gazipur Online

তুরাগে বহুতল ভবনের দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের কামারপাড়া শাপলার মোড় এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের দেয়াল ধ্বসে পাশের বাড়ির টিনশেড ঘরের উপর পড়লে, ঐ ঘরে থাকা সোহানা আক্তার শাপলা (০৮) নামের এক শিশু গুরুতর আঘাত প্রাপ্ত হয় । পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় । হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন । শনিবার(২৪ এপ্রিল) দুপুরের দিকে এ দেয়াল ধ্বসের ঘটনাটি ঘটে । এ বিষয় জানতে তুরাগ থানায় যোগাযোগ করা হলে থানার উপ-পরিদর্শক (এস আই) গোবিন্দ চন্দ্র দাস জানান, তুরাগের শাপলার মোড় এলাকার বাসিন্দা প্রবাসী মোজাম্মেল হকের মালিকানাধীন একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছিলো । কিন্তু ভবনটি নির্মাণে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারনে, শনিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে ঐ ভবনের একটি দেয়াল ধ্বসে কিছু ইট পাশের বাড়ির একটি টিনশেড ঘরের উপর পড়ে টিন ছিদ্র হয়ে ইটা গুলো ভিতরে পড়লে, ঘরে থাকা শিশুটি ইটের আঘাতে গুরুতর জখম হয় । পরে প্রতিবেশীরা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় । হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন । পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শিশুটির মৃত্যুর সংবাদ পেয়ে রাত আনুমানিক ১১টার দিকে সঙ্গীয় ফোর্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে জানতে পারি যে, শিশুটির অভিভাবকরা ২ লক্ষ টাকা পেয়ে বিষয়টি ভবন মালিকের সাথে আপোষ মীমাংসা করেছে । তাই তারা কোন মামলা মোকদ্দমা করবেনা । পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে হাসপাতাল থেকে ফিরে আসি । নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, ভবনের মালিক পক্ষকে বার বার সতর্ক করা স্বত্তে¡ও তারা আমাদের কথায় কোন কর্ণপাত করেন নি । শুরু থকেই কোন প্রকার নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ঝুঁকিপূর্ণ ভাবে ভবনটি নির্মাণ কাজ করে আসছে । নিহত শিশুটি সাইদুলের মালিকানাধীন টিনশেড বাড়ির ভাড়াটিয়া সজিব ও নাসরিন দম্পতির সন্তান । উপরোক্ত বিষয়ে নিহত শিশুটির অভিভাবক থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, তুরাগ থানার ওসি ( তদন্ত ) মোহাম্মদ সফিউল্লাহ ।