মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগ থানার অধীনস্থ ঢাকা উত্তর সিটির ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড । আর এই ওয়ার্ড ৩টির রাস্তাঘাটের এখন বেহাল দশা । বড় বড় গর্ত ও কাঁদা পানি জমে থাকায় এখানে যানবাহন বা মানুষের পায়ে হেঁটে চলাচল দুরূহ হয়ে পড়েছে । একদিন বৃষ্টি হলে অন্তত ৭দিন থাকে কাঁদা- পানি । কোনভাবে শুকালে আবার বৃষ্টি হলেই সেই পূর্বের অবস্থা হয়ে যায় । এই এলাকার রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজুক । আর এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে পোহাচ্ছেন চরম দুভোর্গ । স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, প্রফুল্ল সূত্রধর জানান, এলাকার জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসী অনেকবার আবেদন জানিয়েছেন । কিন্তু কাজের কাজ কিছুই হয়না । ব্যক্তি উদ্যোগে কেউ কেউ এখানে মাঝে মাঝে দু’এক ট্রাক বালু ও রাবিশ ফেলা ছাড়া রাস্তার সংস্কারে কোন উদ্যোগ নেয়নি এই ৩টি ওয়ার্ডে । অথচ এই ৩টি ওয়ার্ডে রয়েছে ছোট-বড় ৩৩টি গ্রাম, শত শত মিল কারখানা, স্কুল কলেজ সহ বিভিন্ন শিল্পকারখানা । পার্শ্ববর্তী এলাকা গুলোর মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনে এই এলাকার রাস্তা দিয়ে চলাচল করে থাকেন । বর্ষা বৃষ্টির দিনে ৩/৪ মাস ধরে রাস্তায় হাঁটু পরিমান কাঁদা পানি জমে থাকে । আর এতে এখানে চলতে গিয়ে চরম দুভোর্গ পোহাতে হয় পথচারীদের । এই ওয়ার্ড ৩টির ভাঙা রাস্তাগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিক্সা, ইজি-বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে । এখানকার রাস্তায় দীর্ঘ রিক্সার লাইন লেগেই থাকে । এর ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজট হয় । আর সড়ক দুর্ঘটনা এখানকার নিত্যদিনের ঘটনা । সরেজমিন ঘুরে দেখা যায়, এ অঞ্চলের রাস্তা গুলোর অনেক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে । রানাভোলা, কামারপাড়া , ভাটুলিয়া, নয়ানীর চালা, ধউর, রাজাবাড়ি, বাবনার টেক, ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, ধরঙ্গার টেক, নয়ানগর, চন্ডালভোগ, ডিয়াবাড়ী, নলভোগ, পাকুড়িয়া, আহালিয়া, দলিপাড়া, বাউনিয়া, উলুদাহা, বাদালদীসহ বেশ কিছু এলাকার রাস্তা জন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে । দুর্ভোগ লাঘবের জন্য এসব রাস্তা দ্রæত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী । এই তিনটি ওয়ার্ডে রয়েছেন তিনজন ওয়ার্ড কাউন্সিলর ও ১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর । এ এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হলেও এখানে তেমন নাগরিক সুবিধা নেই । এখানকার অধিকাংশ মানুষ নিন্ম ও মধ্যবিত্ত আয়ের । রাজধানী সংলগ্ন অল্প টাকায় বাড়ি ভাড়া পেয়ে এ এলাকাটিতে আশ্রয় নেন স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ । এ এলাকার উন্নয়নের তেমন উদ্যোগ নেয়া হয় না । পর্যাপ্ত পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই এখানকার রাস্তাঘাট তলিয়ে যায় । কেউ কেউ প্রয়োজনের তাগিদে বাড়ির প্রবেশদ্বার উঁচু করলেও ভেতরে পানি জমায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সরাতে হয় । ভাটুলিয়া এলাকার অটোরিক্সা চালক শান্ত মিয়া বলেন, তুরাগের প্রধান প্রধান সড়ক এতটাই খারাপ যে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে । কামারপাড়া থেকে হানিফ আলীর মোড় হয়ে সরকার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগে এক ঘণ্টা । তিনি এসব সড়ক দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন । গুলগোলার মোড় এলাকার ব্যবসায়ী নাসির উদ্দিন ও সুমন বলেন, এলাকার রাস্তা ঘাট এতই খারাপ জরুরী প্রয়োজনে উত্তরা বা টঙ্গী গেলে ১০/১৫ মিনিট সময় লাগার কথা । সেখানে এখন সময় লাগে কয়েক ঘণ্টা । নলভোগ এলাকার বাসিন্দা হক সাহেব বলেন, নয়ানগর মাদ্রাসা থেকে নলভোগ হয়ে খালপাড় যাওয়ার রাস্তাটা এতই খারাপ যে যান চলাচল বন্ধের উপক্রম হয়ে পড়েছে । এখন আমাদের হেঁটে জেতেও অনেক সমস্যা হয় । বাবনার টেক এলাকার বাসিন্দা এচাহাক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে আমরা ইউনিয়ন পরিশোধের অধিনে ছিলাম, এখনকার চেয়ে তখন অনেক ভাল ছিলাম । কয়েক বছর আগে আমাদের এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়া হয় । তখন আমরা মনে করেছিলাম আমরা সিটি কর্পোরেশনের আধুনিক সুযোগ সুবিধা পাব । এখন দেখি উল্টোটা । বর্তমানে আমাদের বাবনার টেকের প্রধান সড়কটিসহ বিভিন্ন শাখা সড়ক গুলো একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত হয়ে পুকুরে পরিণত হয়েছে । আর এসব দেখেও না দেখার ভান করে বসে আছেন আমাদের জনপ্রতিনিধিরা ।