নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ফিরে মানুষের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে দেশের সর্বস্তরের মানুষের (সবার) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর, ২০২৫) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতার কথা জানান।
এদিকে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড ৩০০ ফুটের উদ্দেশে রওনা দেন তিনি।
বিমানবন্দরে বহু মানুষ, বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এ ছাড়া বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রাস্তার দু’পাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও র্যাব, এপিবিএন, সোয়াট, কাউন্টার টেরোরিজম ইউনিট, বম্ব ডিসপোজাল ইউনিট, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় ৮/১০ হাজার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) থেকেও একাধিক টিম মোতায়েন করা হয়েছে।
দেশবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমানের স্ট্যাটাস
