ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার আত্মহত্যার জন্য মায়ের দ্বিতীয় বিয়ে এবং স্বামীর সংসারে অভাবকে দায়ী করেছেন স্বজনরা।
সোমবার রাতে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা (২২) খুলনা জেলার ডুমুরিয়া থানার কৈয়াবাজার গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে।
টঙ্গী পূর্ব থানার এসআই কাজী নেওয়াজ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, ফারাজানার বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর তার মা তাকে রেখে অন্যত্র বিয়ে করেন। অপর একটি পরিবারে অবহেলায় অনাদরে বড় হন ফারজানা। তার পালিত বাবা-মা আর্থিকভাবে তেমন সচ্ছল ছিলেন না। তারা গত এক বছর আগে একই থানা এলাকার বাদুরপুর গ্রামের রুবেল বিশ্বাসের সঙ্গে তার বিয়ে দেন।
এর পর থেকে ফারজানা গাড়িচালক স্বামীর সঙ্গে মরকুন মধ্যপাড়ার আলাউদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থাকতেন। দাম্পত্য জীবনেও অভাব তার পিছু ছাড়েনি। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিষণ্নতায় থাকা ফারজানার মনে অভিমান ও তীব্র ক্ষোভ দানা বাঁধে। এরই জের ধরে সোমবার রাতে স্বামী বাসার বাইরে থাকায় ফারজানা বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে আশপাশের লোকজন ফারজানার লাশ দেখে পুলিশে খবর দেন।
এর পর রাত ১১টার দিকে পুলিশ ফারজানার ঝুলন্ত লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।