সালাহ উদ্দিন, নাটোর প্রতিনিধি :নাটোরের সিংড়া উপজেলা বিএনপির ৯ নেতাকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহম্মেদ ওই আদপশ দেন। নাটোর জজকোর্ট পিপি এডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত ১৪ জন ওই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানী শেষে ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে অপর ৫ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহার উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান তালুকদার ডালিম অপর যুগ্ম আহ্বায়ক বাবলু, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ রিপন, ইটালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের টগর, শেরকোল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন।
আইনজীবি নাজমুল হক জানান, গত ৫ জানুয়ারী সিংড়া থানায় দায়ের করা ওই বিশেষ ক্ষমতা আইনের মামলায় সকলেই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন।
এবিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতেই দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ভরছে সরকার । সরকারের এই ফ্যাসিবাদী আচরণে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এখন কারাগারের অন্ধকারে দিন যাপন করছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানান তিনি।
নাশকতা মামলায় বিএনপির ৯ নেতা কারাগারে
