Daily Gazipur Online

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম কামরুল (২৮)। সে নড়াইল পৌরসভাধীন নিশিনাথতলা এলাকার বাবু কসাইয়ের ছেলে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা। গ্রেফতারের সময় তার বাড়ি তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা। জানা গেছে, গ্রেফতারকৃত শীর্ষ মাদকব্যবসায়ী কামরুল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে মর্মে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট একটি গোপন সংবাদ আসে। বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমানকে নির্দেশ দিলে তিনি সঙ্গীয় ফোর্স এসআই খায়রুল, এএসআই সোহেল, কনস্টেবল বকতিয়ারসহ ওই এলাকায় গিয়ে কামরুলকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় গ্রেফতারকৃত কামরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন পিপিএম নিশ্চিত করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী কামরুল ইতোপূর্বে কয়েকবার মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ে জেল-হাজতে কাটিয়েছে। পরে জামিনে বেরিয়ে এসে সে পুনরায় মাদকের ব্যবসা শুরু করে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, নড়াইলকে আমরা ইতোমধ্যে ইয়াবার করাল গ্রাস থেকে অনেকাংশে মুক্ত করে ফেলেছি। তবে বেশ কিছু ইয়াবার ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা করা শুরু করছে। কিন্তু নড়াইল জেলা পুলিশের টিমগুলোর কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হচ্ছে। এ কারণে সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি।