ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রিয়া সাহা। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে দেশে বিদেশে বিশেষ করে বাংলাদেশিদের মাঝে প্রিয়া সাহা বেশ আলোচিত এবং সমালোচিত নাম। সম্প্রতি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে ১৬টি দেশের সাম্প্রদায়িক নিপীড়নের শিকার হওয়া মানুষদের কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল হোয়াইট হাউসে। গত ১৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তারা। সাম্প্রদায়িক নিপীড়নের শিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা বলেছেন, ‘বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ‘নাই’ (ডিসএপ্যায়ার্ড) হয়ে গেছে। প্রিয়া সাহার এমন জঘন্য মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দেশের সকল সম্প্রদায়ের মানুষ। অনেকেই প্রিয়া সাহার এই অভিযোগকে বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংসের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছেন।
গত এক দশকে সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেসব দেশ উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার এমন মিথ্যাচারের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরে এক অনুষ্ঠানে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতন বিষয়ে প্রিয়া সাহা যে তথ্য দিয়েছেন তা সঠিক নয়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশংসা পাওয়ার যোগ্য। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমার প্রথম ৮ মাসের দায়িত্ব পালনকালে আমি বাংলাদেশের আটটি বিভাগেই ঘুরেছি। মসজিদ, মন্দির ও চার্চে গিয়ে ইমাম পুরোহিতদের সঙ্গে কথা বলেছি। এখন আমি এসেছি একটি বৌদ্ধ মন্দিরে, আমার কাছে যেমনটা মনে হয়েছে, এখানকার ভিন্ন ভিন্ন বিশ্বাসের লোকজন একে অপরকে শ্রদ্ধা করে। তাই আমি মনে করি, তার অভিযোগ সঠিক নয়, বরং ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নাম।
বাংলাদেশর ১০০ ভাগের মাত্র ৮/৯ ভাগ হিন্দু হওয়া সত্ত্বেও কখনো মুসলিম দ্বারা সরাসরি নির্যাতনের শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায় তার নজির নেই বললেই চলে। তবে স্থানীয়ভাবে প্রভাবশালীদের দ্বারা জমি দখল, বাড়ি উচ্ছেদ এবং মন্দির দখলের ঘটনা মাঝে মধ্যে শোনা গেলেও তা ক্ষমতার অপব্যবহারের কারণে, সাম্প্রদায়িকতার জন্য নয়। মন্দির শুধু নয় বাংলাদেশে মসজিদ ও দখল হচ্ছে। বাংলাদেশে এমনও নজির রয়েছে সরকারী চাকুরীতে মুসলমানদের চেয়ে হিন্দু সম্প্রদায়ের লোককে বেশি মুল্য দেওয়া হচ্ছে। বিভিন্ন পরিসংখ্যান মতে বাংলাদেশে সরকারি চাকরিতে সংখ্যালঘুদের অংশগ্রহণ ৩৩ ভাগ, যেখানে সংখ্যালঘুরা মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ। এছাড়া বর্তমান সরকার ২০০৮ ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নে ও তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালনের জন্য অতিরিক্ত বরাদ্দও দেওয়া হচ্ছে সরকারিভাবে। সংখ্যালঘুদের ধর্মীয় বিভিন্ন উৎসবে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন, যা বিশ্বে অনন্য নজির।
পরিশেষে কোনো প্রকার যৌক্তিক তথ্য উপাত্ত ছাড়া বিদেশের কোনো রাষ্ট্রপ্রধানের কাছে নিজের দেশ সম্পর্কে এমন মিথ্যাচার রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রিয়া সাহার এমন মিথ্যাচারের ফলে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ প্রিয়া সাহার এই রাষ্ট্রদ্রোহী অপরাধের জন্য তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।
প্রিয়া সাহার বক্তব্যকে অসমর্থন জানিয়ে গা বাঁচানোর চেষ্টায় রানা দাশ গুপ্ত!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি নির্যাতন নিয়ে মিথ্যাচার করে রাষ্ট্রবিরোধী নতুন ষড়যন্ত্রে মেতেছেন হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। তবে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত তা অস্বীকার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। রানা দাশ গুপ্ত বলেছেন, হোয়াইট হাউজের ওই অনুষ্ঠানে সংগঠনের হয়ে অংশ নেননি প্রিয়া সাহা।
কিন্তু তথ্যানুসন্ধানে জানা গেছে, হোয়াইট হাউজের অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের প্রতিনিধি হিসেবেই যোগদান করেন প্রিয়া সাহা। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রিডম হাউজের একটি তালিকায় প্রিয়াকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দর্শনার্থী তালিকায় দেখানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের মার্কিন প্রেসিডেন্ট দাওয়াত দিলে তারা হোয়াইট হাউজে উপস্থিত হন। আরো জানা গেছে, সংগঠনের সদস্যের বাইরে সেখানে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতের কোনো সুযোগ ছিলো না। সুতরাং বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরে সুবিধা আদায়ের এই মিশনের উদ্দেশ্য ফাঁস হয়ে যাওয়ায় গা বাঁচাতে রানা দাশ গুপ্ত প্রিয়া সাহার অপতৎপরতা অস্বীকার করছেন। দেশের বদনাম করে বৈদেশিক সহায়তা এবং স্বার্থ উদ্ধারের সম্মিলিত প্রচেষ্টার এই মিশন নিয়ে তোলপাড় শুরু হলে রানা দাশ গুপ্ত ইচ্ছাকৃতভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রিয়ার বক্তব্যকে অস্বীকার করছেন।
যদিও এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে রানা দাশ গুপ্ত বলেছেন, প্রিয়া সাহা যা বলেছেন, তা তার ব্যক্তিগত অভিমত। এখানে সংগঠনের কোনো দায় নেই।
বিভিন্ন সূত্রের মারফতে জানা গেছে, প্রিয়া সাহা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সদস্যদের সাথেই যাওয়া কথা ছিলো। কিন্তু নির্ধারিত ফ্লাইট মিস হওয়ায় তিনি পরবর্তী ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যান। ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানেও প্রিয়া ঐক্য পরিষদের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। সুতরাং হোয়াইট হাউজের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বার্থান্বেষী ও মিথ্যা তথ্য উপস্থাপন করার পরে তা ছড়িয়ে পড়লে জনরোষ এড়াতে রানা দাশ গুপ্ত অস্বীকার করে স্টেটমেন্ট দিয়েছেন, যা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। রানা দাশ গুপ্তের বক্তব্যে অবশ্য প্রিয়া সাহার কথিত বাড়ি-ঘর পোড়ানোর বিষয়টি এসেছে, যা সত্যি নয় বলেও জানা গেছে।
তবে একটি সূত্র বলছে, বাংলাদেশের জাতীয় সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানো, সরকারি চাকরির কোটা বাড়ানো, অর্পিত সম্পত্তি আইন সংশোধন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়েও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ তৎপরতা চালিয়েছিলো। তাদের এই অন্যায্য দাবিগুলোকে শক্ত ভিত দিতে প্রিয়া সাহাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন রানা দাশ গুপ্ত। কিন্তু বিষয়টিতে দেশব্যাপী সমালোচনা সৃষ্টি হওয়ায় এখন নিজেকে নির্দোষ দাবি করার পাঁয়তারা করছেন তিনি। এদিকে নেটিজেনরা দাবি করছেন, এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে প্ররোচনা, উসকানি দেয়া এবং দায় অস্বীকার করার অজুহাতে রানা দাশ গুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হোক।