Daily Gazipur Online

ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার কৌতিনিয়ো আর নেই

ডেইলি গাজীপুর স্পোর্টস: ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার কৌতিনিয়ো ৭৫ বছর বয়সে নিজ বাড়িতে মারা গেছেন।
সোমবার টুইটারে তার মৃত্যুর খবরটি জানায় ব্রাজিলের ক্লাব সান্তোস। সান্তোস স্টেডিয়ামে তার শেষকৃত্য হবে বলেও জানিয়েছে তারা।
মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। গত জানুয়ারিতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডায়বেটিসেও ভুগছিলেন তিনি।
সান্তোসে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গে আক্রমণভাগে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন কৌতিনিয়ো। ১৯৫৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে খেলেছেন এই ক্লাবে। দলটির হয়ে পেলে করেন ১০৯১ গোল, আর ৩৬৮টি গোল করেন কৌতিনিয়ো।
ব্রাজিলের ১৯৬২ সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন কৌতিনিয়ো। অবশ্য চোটের কারণে জাতীয় দলের হয়ে খুব বেশি খেলতে পারেননি তিনি। ব্রাজিলের জার্সিতে খেলেছেন মোটে ১৫ ম্যাচ।