মোঃ সোহেল রানা রাজশাহী: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে অসংখ্য অভিযোগ রয়েছে। এসব সমস্যা দূর করতে তিনি সততার সঙ্গে কাজ করছেন এবং ভূমি মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি যাতে না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি বিষয়ক নানা সমস্যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ ও অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধান করে জনগণের জন্য কাজ করাই তার লক্ষ্য। তিনি বলেন, “আমি প্রকাশ্যে অনেক কিছু বলি না, তবে মানুষের জন্য কাজ করতে চাই এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”
তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় সারা দেশে খাল খননের মাধ্যমে দেশকে দুর্ভিক্ষ পরিস্থিতি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচিকে আবারও গুরুত্ব দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
মিজানুর রহমান মিনু আরও বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এতে আবাদি জমির পরিমাণ কমছে, অন্যদিকে খাদ্যের চাহিদা বাড়ছে। তাই কৃষি উৎপাদন বাড়াতে সেচব্যবস্থা উন্নয়ন এবং খাল খননের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করা জরুরি।
তিনি জানান, নিয়ামতপুর উপজেলার বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার বা ১ দশমিক ২০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে এ কাজে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে
অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, সরকার জনগণের সেবক হিসেবে কাজ করতে চায়। জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ধরনের অপ্রয়োজনীয় প্রটোকল নেন না এবং সরকারি কাজ ছাড়া গাড়িতে পতাকা ব্যবহার করেন না। নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকেই কাজ করতে চান বলেও উল্লেখ করেন তিনি।
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী।
এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ে অনিয়ম-দুর্নীতি রোধে কাজ করছি: ভূমিমন্ত্রী
