Daily Gazipur Online

মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন– অধ্যক্ষ আশরাফুল হক

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) বাদ জুম্মা নামাজের পর উত্তরা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তুরাগ থানার উদ্যোগে বিশাল নির্বাচনী গণমিছিলটি শহরে বের করা হয়। পরে এই মিছিলটি তুরাগের ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, রানাভোলা, কামারপাড়া, গুলগুল্লার মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেয়ারম্যান বাড়ির সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে দলীয় বিপুল সংখ্যক মানুষ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
সমাবেশে ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি ক্ষমতায় থাকলেও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তুরাগের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে বোঝা যায় এখানে মানুষের কষ্ট কত গভীর। আমরা নির্বাচিত হলে- রাজধানীর তুরাগের অবহেলিত ভাঙ্গাচূড়া রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করবো, ইনশাআল্লাহ । মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের লক্ষ্যে দল-মত নির্বিশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।
আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই— আগামীতে যে বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত-এই আশাবাদ এবং প্রতিশ্রুতি ব্যক্ত করে অধ্যক্ষ আশরাফুল হক বলেন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অঞ্চল সহকারী পরিচালক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইনের পরিচালনায় এ গণমিছিলে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম আমীর হাসনাইন আহমেদ, তুরাগ দক্ষিণ আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ উত্তর আমীর আলী হোসাইন, তারিক, কামরুল ও মুহিবুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার এবং দলীয় বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। সমাবেশে তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, তুরাগের উন্নয়ন, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। তারা সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। গণমিছিলটি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন নেতারা।