অসীম কুমার দাস (নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দায় ছমিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত ছমিরন বেওয়া উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত কবুল্লি মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে ছমিরন বেওয়া নিখোঁজ ছিলেন। তিনি উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে প্রতিবেশি আলতাজ হোসেন প্রামানিকের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।