এ্যাডভোকেট এম এ মজিদ: বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হতে চলেছে। এই দীর্ঘ সময়ের প্রতিটি আন্দোলন, প্রতিটি সংঘাত, প্রতিটি রক্তপাত এক অদ্ভুত নির্মম সত্যের সাক্ষ্য দেয়। রাজপথে প্রাণ যায় সাধারণ মানুষের, কিন্তু রাজনীতিবিদ এবং তাঁদের পরিবার অক্ষত থেকে যান। যেন তাদের রক্তের মূল্য ভিন্ন, তাদের সন্তানের জীবন অন্য গ্রহের সম্পদ।
আমাদের রাজনৈতিক সংস্কৃতির এই ভয়ংকর “দ্বৈত মান” আজ আর লুকানো কোনো রহস্য নয়, বরং নগ্ন বাস্তবতা। রাজনীতিবিদদের কাছে জনগণের আত্মত্যাগ কেবল একটি সিঁড়ি – ক্ষমতার চূড়ায় ওঠার সিঁড়ি। যে পথে লাশ বিছানো থাকে, সেই পথেই তারা নির্দ্বিধায় সিংহাসনে আসীন হন। জনগণের রক্ত তাদের কাছে নীতি নয়, কেবল সুবিধা তোলার মুদ্রা।
প্রশ্ন জাগে – কেন প্রতিটি আন্দোলনে প্রাণ যায় শুধু গরিবের ছেলের? কেন পুলিশের লাঠি ও গুলি নির্ভুলভাবে আঘাত হানে কেবল শ্রমিক, কৃষক, ছাত্র ও দোকানদারের শরীরে? কেন কোনো এমপি-পুত্র, মন্ত্রী-কন্যা কিংবা রাজনৈতিক উত্তরাধিকারীর শরীরে আঁচড়টুকুও লাগে না? উত্তর খুবই সহজ, কারণ তারা সযত্নে সুরক্ষিত। রাজনীতিবিদরা নিজেদের পরিবারকে পাঠিয়ে দেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে, নিরাপত্তার বেষ্টনীর আড়ালে লুকিয়ে রাখেন তাদের সন্তানদের। আর সাধারণ মানুষ? তারা বুক পেতে দেন গুলি, কাঁধ বাড়িয়ে দেন লাঠির আঘাত, আত্মাহুতি দেন রাজনীতির নামকরা নাট্যমঞ্চে।
এই দৃশ্য আমরা বারবার দেখেছি। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণঅভ্যুত্থান, প্রতিটি শ্রমিক আন্দোলন, প্রতিটি ছাত্র বিদ্রোহে একই চিত্র – জনগণ প্রাণ দিয়েছে, নেতারা সুবিধা ভোগ করেছে। জনগণ কবর খুঁড়েছে, নেতারা প্রাসাদ তুলেছে। জনগণ কেঁদেছে, নেতারা বিদেশে চিকিৎসা নিয়ে হেসেছে। এই ধারাবাহিক প্রতারণা ৫৪ বছর ধরে চলমান।
আন্দোলনকে বলা হয় গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ। কিন্তু বাস্তবে আন্দোলন হয়ে উঠেছে রাজনীতিবিদদের সুযোগসন্ধানী খেলার মাঠ। তারা রক্তপাতের হিসাব কষেন – কতজন মরলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর নেবে, কতজনের আত্মাহুতি ঘটলেই সরকার কেঁপে উঠবে। এই নির্লজ্জ রাজনৈতিক গণিতের মধ্যে মানুষের জীবন কেবল সংখ্যা – এক, দুই, তিন… আর প্রতিটি সংখ্যা তাদের ক্ষমতার সিঁড়ির একটি ধাপ মাত্র।
তাহলে প্রশ্ন থেকে যায়: জনগণের জীবন কি কেবল রাজনীতিবিদদের প্রাসাদ নির্মাণের ইট? জনগণের আত্মত্যাগ কি কেবল তাদের সুবিধাভোগের মূলধন? যদি তাই হয়, তবে এটি কেবল নৈতিক ব্যর্থতা নয়; এটি গণতন্ত্রের প্রতি প্রকাশ্য অবমাননা।
এখন সময় এসেছে জনগণের প্রশ্ন করার। যদি রাজপথে রক্ত ঝরতেই হয়, তবে কেন সেটি কেবল গরিবের ছেলের? কেন কোনো নেতার সন্তান রাজপথে দাঁড়ায় না? কেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা, আর সাধারণ মানুষের জন্য কেবল গুলি আর লাঠি?
রাজপথে যারা প্রাণ দিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের সিঁড়ি নয় – তারা জাতির আত্মা। তাদের আত্মত্যাগকে যারা কেবল সিঁড়ি বানিয়ে ক্ষমতার আসনে ওঠে, ইতিহাস তাদের বিচার করবে সবচেয়ে কঠিন ভাষায়। কারণ এই প্রতারণা আর ভণ্ডামির চক্র যতদিন চলবে, ততদিন বাংলাদেশের রাজনীতি রক্তপাতের উপর দাঁড়িয়ে থাকবে—যেখানে সাধারণ মানুষ হবে চিরকালীন শিকার, আর রাজনীতিবিদ ও তাদের পরিবার থাকবে অক্ষত সুবিধাভোগী।
লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীচ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।
রক্তের রাজপথে রাজনীতিবিদদের অবাধ লুটপাট
