এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুর শাহ আলী মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে সিটি করপোরেশনের ময়লার বহনকারী ট্রাকের ধাক্কায় এক বীরমুক্তিযোদ্বা নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল খালেক (৭০)। দুর্ঘটনার পর সিটি করপোরেশনের ট্রাক চালক হূদয় (২২) কে আটক করেছে এবং পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মিরপুর শাহ আলী মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপি মিরপুরের শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া আজ মঙ্গলবার রাত ৮টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের মেয়ের জামাই সাজ্জাদ হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মিরপুর শাহআলী থানার মিরপুর এক নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আব্দুল খালেক রাস্তা পারাপার হবার সময় সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক বীরমুক্তিযোদ্বা আব্দুল খালেক (৭০)কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে আগারগাঁওস্থ পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত খালেকের মেয়ের জামাই সাজ্জাদ হোসেন বলেন, তার শ্বশুর একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। সরকারের তরফ থেকে তিনি নিয়মিত ভাতাও পেতেন এবং জমিও পেয়েছেন। খালেক তার দুই মেয়েসহ মিরপুরের ১ নম্বরে বসবাস করতেন। পটুয়াখালী জেলার দুমকি থানা এলাকায় তার বাড়ি।
শাহ আলী থানার (ওসি) মো. সালাউদ্দিন মিয়া আজ রাতে জানান, দুর্ঘটনার পর সিটি করপোরেশনের ময়লার ট্রাকের চালক হূদয় (২২)কে আটক করা হয়েছে। লাশের সূরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শাহআলী থানায় রোড এক্রিডেন্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।