Daily Gazipur Online

রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ

মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান: রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় প্রশাসনিক অনুমতি ছাড়াই রাতের আঁধারে পুকুর খন ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এতে কৃষি জমি, জলাধার এবং স্থানীয় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কাজ বন্ধ থাকলেও গভীর রাতে এক্সকাভেটর এনে মাটি কাটা হয়। কাটা মাটি বাইরে বিক্রি করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ও জলাশয়ের ক্ষতির আশঙ্কা করছেন তারা। পাশাপাশি ভারী যন্ত্র চলাচলে গ্রামীণ রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষক মামুন হোসেন বলেন, “রাতের আঁধারে মাটি কাটলে কেউ কিছু বলতে পারে না। আমরা ইউনিয়ন পরিষদে জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা দেখছি না। রাতের বেলা এই পুকুর খন করছে এক অবৈধ ভেকু মালিক সুবাস। তার খুঁটির জোর কোথায়, সেটাই বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, “এলাকাবাসী ও গণমাধ্যমকর্মী—সবাই চাই, রাতের বেলা পুকুর খন বন্ধ হোক। প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

অভিযোগের বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত তানোর থানার ওসিকে নির্দেশ দেন। ওসি ঘটনাস্থলে ফোর্স পাঠালেও তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে ফিরে আসেন বলে জানা গেছে। পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করা হলে ইউএনও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আপনারা নির্বাহী অফিসারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”

পরিবেশ অধিদপ্তর, রাজশাহী কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “বিনা অনুমতিতে পুকুর খন বা মাটি কাটা পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। অভিযোগ পেলে আমরা সরেজমিনে তদন্ত করব।”

এদিকে, ইউনিয়ন পরিষদের এক মেম্বার গণমাধ্যমকর্মীদের বলেন, “প্রশাসনকে ম্যানেজ করেই আমি এই কাজ করছি।” বিষয়টি নির্বাহী অফিসারকে আবারও অবগত করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।