Daily Gazipur Online

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি: নূর গ্রুপের প্রধান নূর কামাল নিহত

স্টাফ রিপোর্টার : আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক বিরোধের জেরকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল গ্রুপের প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, নিহত নুর কামাল ক্যাম্প সংলগ্ন এলাকার আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) শুক্রবার মধ্য রাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–আই এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ ব্যাপারে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রগুলো জানায়, শুক্রবার দিবাগত মধ্য রাতে কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া ক্যাম্পে সক্রিয় নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে প্রায় ৫ লাখ টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি চরমে পৌঁছালে দুই পক্ষের মধ্যে গুলি চালাচালির ঘটনা ঘটে। এ সময় নুর কামাল গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সহযোগীরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লেদা আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ক্যাম্প এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে অনেক রোহিঙ্গা পরিবার নিরাপত্তাহীনতায় ঘর ছেড়ে আশপাশের নিরাপদ স্থানে সরে যায়।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই নয়াপাড়া ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতা চলমান রয়েছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও এসব গ্রুপের সংঘর্ষ থামছে না।
এ ব্যাপারে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নুর কামাল বাহিনীর প্রধান নুর কামাল নিহত হন।
এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নুর কামালের মরদেহ আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে । পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জসনান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।