ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে শহীদ লিয়াকত আলী (রহ.)’র ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকে কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, মাজার জিয়ারত এবং শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত। উক্ত কর্মসূচিতে ছাত্রসেনা মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মজলুম জননেতা মাওলানা রেজাউল করিম তালুকদার। ছাত্রসেনার কেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। মহামারী করোনা ভাইরাসের জন্য সংক্ষিপ্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর প্রচার সম্পাদক কাজী মুহাম্মদ আরাফাত, সদস্য মুহাম্মদ ওসমান গনী ও শহীদের পরিবারের সদস্যগণ। এ সময় বক্তারা বলেন, শহীদ লিয়াকত আলী (রহ.) সত্য ও ন্যায়ের পথে অকুতোভয় সৈনিক ছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ১৯৮৬ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ ছাত্রসেনার নবীণ বরণ অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় স্বাধীনতা বিরোধী জঙ্গীবাদী জামাত-শিবির ক্যাডারদের নির্মম ছুরিকাঘাতে শাহাদাত বরণ করেন লিয়াকত আলী। বক্তারা আরো বলেন, তারা মনে করেছে লিয়াকত আলীকে হত্যা করে সত্যের সৈনিক ছাত্রসেনার অগ্রযাত্রাকে ব্যাহত করবে। কিন্তু শহীদের রক্তের বিনিময়ে ছাত্রসেনা আজ দেশব্যাপী বিস্তৃতি লাভ করেছে। ঘাতকদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এই জঙ্গীবাদি সন্ত্রাসীরা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। বক্তারা অবিলম্বে ঘাতকদের শাস্তির দাবী জানান।